সংযোগ সড়ক নেই সেতু পারাপারে কষ্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌর এলাকায় একটি সেতুর (হেঁটে চলাচলের সেতু) সংযোগ সড়ক না থাকায় স্থানীয় লোকজন ভোগান্তি পোহাচ্ছে। স্কুল ও কলেজের শিক্ষার্থীদের সমস্যা হচ্ছে বেশি। এলাকাবাসী জানায়, পীরগঞ্জ সরকারি কলেজ ও পীরডাঙ্গী ডিগ্রি (ফাজিল) মাদ্রাসার উত্তর পাশে ২০০০ সালে লাছি নদীর ওপর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সেতুটি নির্মাণ করে। এর দৈর্ঘ্য ২৫ মিটার। ওই সময় সেতুর দুই পাশে সংযোগ সড়কও করা হয়। ২০০১ সালের বর্ষাকালে লাছি নদীর পানির চাপে সংযোগ সড়ক ভেঙে যায়। এরপর ১০ বছরেও কর্তৃপক্ষ সড়ক সংস্কার করেনি। এলাকাবাসী সূত্রে আরও জানা যায়, উপজেলার উত্তর গুয়াগাঁঁও, ভেলাতৈড়, বীরহলী, গুয়াগাঁও ও ভেমটিয়াসহ আশপাশের পাঁচ-ছয়টি গ্রামের কয়েক শ মানুষ এবং স্কুল ও কলেজের শিক্ষার্থীরা প্রতিদিন এ সেতুর ওপর দিয়ে যাতায়াত করে। কর্তৃপক্ষ সড়ক মেরামত না করায় স্থানীয় লোকেরা দুই বছর আগে চাঁদা তুলে বাঁশ দিয়ে মাচা তৈরি করে ওই ভাঙা অংশ স্থাপন করে। কিন্তু অস্থায়ী মাচাটিও এখন ভেঙে যাওয়ার উপক্রম হয়েছে। উপজেলা প্রকৌশলী মো. নুরুজ্জামান বলেন, ‘ফুটওভারব্রিজগুলোর চওড়া কম হওয়ায় এসবের ওপর দিয়ে মাইক্রোবাস পর্যন্ত যাতায়াত করতে পারে না। এসব ব্রিজ কার্যত অচল। এ ব্রিজগুলোর পেছনে অর্থ অপচয় করার ব্যাপারে সরকারের চিন্তাভাবনা এখন নেই। তাই কোনো পদক্ষেপ নিতে পারছি না।’পীরগঞ্জ পৌর মেয়র মো. রাজিউর রহমান রাজু বলেন, ‘সেতুর সংযোগ সড়ক সংস্কারের পরিকল্পনা আছে। ওই খাতে খরচ করার মতো বরাদ্দ নেই। বরাদ্দ পাওয়া গেলে ব্যবস্থা করব।’