সংযোগ সড়কটির দায়িত্ব নিচ্ছে না কেউ, দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জ শহরের মহানন্দা বাসস্ট্যান্ড মোড় থেকে আলীনগর উচ্চবিদ্যালয় পর্যন্ত সংযোগ সড়কটি খানাখন্দে ভরা। ছবিটি গত সোমবার তোলা l প্রথম আলো
চাঁপাইনবাবগঞ্জ শহরের মহানন্দা বাসস্ট্যান্ড মোড় থেকে আলীনগর উচ্চবিদ্যালয় পর্যন্ত সংযোগ সড়কটি খানাখন্দে ভরা। ছবিটি গত সোমবার তোলা l প্রথম আলো

চাঁপাইনবাবগঞ্জ শহরের মহানন্দা বাসস্ট্যান্ড মোড় থেকে আলীনগর উচ্চবিদ্যালয় পর্যন্ত প্রায় ২০০ মিটার সংযোগ সড়কটির দায়িত্ব নিচ্ছে না কেউ। এ কারণে এটি বছরের পর বছর ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। এতে স্থানীয় লোকজন দুর্ভোগের শিকার হচ্ছে।
চাঁপাইনবাবগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক এহিয়া বিশ্বাস বলেন, এ সড়ক সংস্কারে পৌরসভা, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি), সড়ক ও জনপথ (সওজ) বিভাগের সঙ্গে যোগাযোগ করেছি। কিন্তু কেউই সড়কটির দায়িত্ব নিতে চায় না। তাদের বক্তব্য, সড়কটির মালিক তারা নয়। অথচ জেলার দুটি উপজেলা, নওগাঁ জেলা সদরসহ এর কয়েকটি উপজেলা যাওয়ায় পথ হিসেবে এটি ব্যবহৃত হচ্ছে। ঢাকা কোচ, আন্তজেলা ও উপজেলা মিনিবাস, পণ্যবাহী ট্রাকসহ অসংখ্য যানবাহন চলাচল করছে এ পথে। সংগঠনের পক্ষ থেকে সওজ বিভাগকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে, সড়কটি সংস্কার না করা হলে তারা গাড়ি চলাচল বন্ধ করে দেবে। এর পরিপ্রেক্ষিতে সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী সড়কের বড় বড় গর্ত ভাঙা ইট ফেলে আপাতত চলাচলের উপযোগী করার প্রতিশ্রুতি দিয়েছে। কিন্তু এখন পর্যন্ত ইট ফেলা হয়নি।
সওজ বিভাগের চাঁপাইনবাবগঞ্জের নির্বাহী প্রকৌশলী সুনীতি চাকমা বলেন, ‘সড়কটির মালিকানা সওজের নেই। সওজের প্রতিটি সড়কেরই নম্বর রয়েছে। নম্বরবিহীন কোনো সড়কের সংস্কার বা পুনর্নির্মাণের দায়দায়িত্ব নেওয়ার সুযোগ নেই। বাস-ট্রাক মালিক সংগঠনের নেতৃবৃন্দের দাবি বা অনুরোধের পরিপ্রেক্ষিতে ইট-সুরকি ফেলে মাঝেমধ্যে গর্ত পূরণ করা হয়। কিন্তু এগুলো বেশি দিন টেকসই হয় না। সড়কটির মালিকানা গ্রহণ করার জন্য সড়ক ও সেতু মন্ত্রণালয়ে আবেদন জানানো হয়েছে। আশা করছি, আবেদনটি তিন মাসের মধ্যেই গৃহীত হবে। এরপর সওজ বিভাগ সড়কটির সংস্কারের দায়িত্ব নিতে পারবে।’
স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, সড়কের জমিটির মালিক রেলওয়ে বিভাগ। বিএনপি ক্ষমতায় থাকার সময় ১০/১১ বছর আগে বিএনপির তৎকালীন সদর আসনের সাংসদ হারুনুর রশীদের পৃষ্ঠপোষকতায় এলজিইডির উদ্যোগে বাইপাস সড়ক হিসেবে এটি নির্মিত হয়। এরপর সড়কটির বেহাল অবস্থার সৃষ্টি হলে কেউ আর দায়দায়িত্ব নিয়ে সংস্কার করেনি। বর্ষাকালে মাঝেমধ্যে সওজ বিভাগ সড়কের খানাখন্দে ইট-সুরকি ফেলে সংস্কার করে। কিছুদিন যেতে না-যেতেই ফের আগের অবস্থার সৃষ্টি হয়। কিন্তু এ বছর বর্ষাকালে সওজ বিভাগ ইট-সুরকি না ফেলায় সড়কটি বেহাল অবস্থার সৃষ্টি হয়েছে।
এর আগে গত বছরের ১৯ আগস্ট প্রথম আলোয় ‘ঠেলাঠেলিতে ফিরছে না সড়কটির হাল’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়।