সংযোগ সড়কের অভাবে কাজে আসছে না সেতু
বরগুনা ও পটুয়াখালী জেলার সীমান্তবর্তী আয়লা-কুদবারচর এলাকায় খাকদোন নদের ওপর ছয় মাস আগে সেতু নির্মাণ করা হলেও সংযোগ সড়কের কাজ সম্পন্ন হয়নি। এতে দুই পারের লক্ষাধিক মানুষকে যাতায়াতে মারাত্মক দুর্ভোগ পোহাতে হচ্ছে।কুদবারচর গ্রামের সিদ্দিকুর রহমান মোল্লা বলেন, প্রতিদিন অসংখ্য শিক্ষার্থী এই সেতু পার হয়ে আয়লা কলেজ ও স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ে যাতায়াত করে। এলাকাবাসীর দীর্ঘদিনের কাঙ্ক্ষিত সেতুটি হলেও এর দুই পাশে সংযোগ সড়ক নির্মিত না হওয়ায় শিক্ষার্থীরা পুরোনো জরাজীর্ণ লোহার সেতু দিয়ে চরম ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে। এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, বরগুনা সদরের আদাবাড়িয়া, আয়লাপাতাকাটা, আঙ্গারপাড়া, পাকুরগাছিয়া, পসুয়া, ঘটবাড়িয়া, সোনারবাংলা ও কোটবাড়িয়া এবং পটুয়াখালীর কুদবারচর, মজিদবাড়িয়া, বাসণ্ডা, ভয়াং, ঝাটিবুনিয়া প্রভৃতি এলাকার প্রায় দেড় লাখ মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম এই সেতু। এ ছাড়া দুই পারে মাধ্যমিক বিদ্যালয়, কলেজসহ কমপক্ষে ১০টি শিক্ষাপ্রতিষ্ঠান ও ছোট-বড় হাটবাজার রয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) পটুয়াখালী কার্যালয় সূত্রে জানা গেছে, ৪৮ মিটার দীর্ঘ এবং সাড়ে পাঁচ মিটার প্রস্থের এ সেতু নির্মাণে দুই কোটি ৪৬ লাখ টাকা বরাদ্দ করা হয়। মহিউদ্দিন আহমেঞ্চদ নামে পটুয়াখালীর এক ঠিকাদার ২০১০ সালের ১ নভেম্বর সেতুটি নির্মাণের কার্যাদেশ পান। চলতি বছরের জুন মাসে এই সেতু নির্মাণের সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়। মূল সেতুটির নির্মাণকাজ সম্পন্ন হলেও এখন পর্যন্ত দুই পারের সংযোগ সড়ক নির্মাণ করা হয়নি। কেওড়াবুনিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান মনিরুজ্জামান জানান, নকশা অনুযায়ী সেতু যে স্থানে নির্মাণ করার কথা, কৌশলগত কারণে সেই স্থানে নির্মাণ করা যায়নি। এ কারণে বরগুনা অংশের (আয়লাবাজার) সংযোগ সড়ক নির্মাণের জন্য অনেক জমি অধিগ্রহণ এবং একটি বড় দিঘি ভরাট করতে হবে। অথচ প্রাক্কলন অনুযায়ী সে বরাদ্দ নেই। সংশ্লিষ্ট ঠিকাদার মহিউদ্দিন আহমেঞ্চদ বলেন, দক্ষিণ প্রান্তের সংযোগ সড়কের কাজ বর্তমানে চলছে। তবে উত্তর প্রান্তের সংযোগ সড়ক নির্মাণের জন্য আলাদা বরাদ্দ চেয়ে বরগুনা এলজিইডি কর্তৃপক্ষ একটি প্রস্তাব পাঠিয়েছেন। সেটা পাওয়া গেলে এই প্রান্তের কাজ সম্পন্ন করা হবে। তিনি জানান, এই জটিলতার কারণে সেতু নির্মাণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে সময়সীমা বাড়িয়ে নেওয়া হয়েছে।এলজিইডি বরগুনা কার্যালয়ে সহকারী প্রকৌশলী জাকির হোসেন বলেন, ‘আয়লাবাজার প্রান্তের সংযোগ সড়ক নির্মাণের জন্য আলাদা প্রাক্কলন তৈরি করে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছি। আশা করি অল্প দিনের মধ্যেই তা পেয়ে যাব।’