সংযোগ সড়কের অভাবে সেতুটি কাজে আসছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংযোগ সড়কের অভাবে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার মঠবাড়িয়া-বড় মাছুয়া সড়কের মাতবরবাড়ির খালের ওপর সেতুটি মানুষের কাজে আসছে না। বছর পাঁচেক আগে সেতুটি নির্মাণ শেষ হলেও দুই প্রান্তের সংযোগ সড়ক না থাকায় সেতু দিয়ে যানবাহন চলাচল করতে পারছে না। পথচারীদের অনেক কষ্ট করে সেতুটি পার হতে হচ্ছে। মঠবাড়িয়া উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা গেছে, ২০০২-২০০৩ অর্থবছরে ৮০ লাখ টাকা ব্যয়ে এলজিইডি পিরোজপুর কার্যালয়ের তত্ত্বাবধানে ৫০ মিটার দীর্ঘ ও চার মিটার প্রস্থের এই সেতুটির নির্মাণকাজ শুরু হয়। পিরোজপুর শহরের দেশ এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান এটি নির্মাণের কাজ পায়। প্রায় পাঁচ বছর আগে সেতুটির নির্মাণকাজ শেষ হয়। কিন্তু জমি অধিগ্রহণ না করায় এর সংযোগ সড়ক নির্মাণ করা সম্ভব হয়নি। মঠবাড়িয়া শহরের ব্যবসায়ী শাহ আলম বলেন, ‘সেতুটি নির্মিত হয়েছে, কিন্তু আমরা এর সুফল পাচ্ছি না। এর চেয়ে নৌকায় করে খাল পার হওয়াই ভালো ছিল।’সম্প্রতি সেতু এলাকায় গিয়ে দেখা গেছে, লোকজন দুর্ভোগের মধ্য দিয়ে সেতু পার হচ্ছেন। সেতুর পাশের ৫৫ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলালী রানী মিত্র বলেন, ‘সরকার সেতুটি নির্মাণ করেছে আমাদের উপকারের জন্য। কিন্তু আমরা এর উপকার থেকে বঞ্চিত।’ তিনি বলেন, বিদ্যালয়ের শিক্ষার্থীদের অনেক কষ্ট করে এই সেতু পার হতে হয়। বিশেষ করে বর্ষাকালে শিশুদের ভোগান্তি বেড়ে যায়। বড় মাছুয়া ইউনিয়নের চেয়ারম্যান আবদুর রহমান জানান, প্রতিদিন এই সেতু দিয়ে প্রায় পাঁচ হাজার লোক চলাচল করেন। সেতুটি অসমাপ্ত অবস্থায় পড়ে থাকায় মঠবাড়িয়া, বড় মাছুয়া ও বেত মোড়— এই তিন ইউনিয়নের মানুষ যানবাহনে চলাচল করতে পারছে না। ঠিকাদারি প্রতিষ্ঠান দেশ এন্টারপ্রাইজের প্রতিনিধি মতিয়ার রহমান জানান, সংযোগ সড়ক নির্মিত না হওয়ায় আমরা পুরো বিল তুলতে পারিনি। এলজিইডির মঠবাড়িয়া উপজেলা প্রকৌশলী দেলোয়ার হোসেন বলেন, জমি অধিগ্রহণ জটিলতায় সংযোগ সড়ক নির্মাণকাজ এতদিন থেমে ছিল। স্থানীয় সাংসদ আনোয়ার হোসেনের অনুরোধে সেতুর দুই পাশের বাসিন্দারা সংযোগ সড়কের জন্য স্বেচ্ছায় জমি দিতে রাজি হয়েছেন। ‘ব্রিজ অ্যাপ্রোচ’ প্রকল্পের আওতায় এই সেতুসহ আরও একটি সেতুর অ্যাপ্রোচ সড়ক নির্মাণের জন্য ৬৪ লাখ টাকা বরাদ্দ হয়েছে।