সংযোগ সড়কের অভাবে ‘কাঁদছে’ সেতু দুটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেতু দুটির নির্মাণকাজ শেষ হয়েছে পাঁচ বছর আগে। ব্যয় হয়েছে ছয় কোটি টাকা। সেতুর ওপর দিয়ে যাতায়াতের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে এলাকাবাসীও। কিন্তু শুধু সংযোগ সড়কের অভাবে অব্যবহূত অবস্থায় পড়ে আছে কক্সবাজারের মহেশখালীর কুতুবজোম ইউনিয়নে ঘটিভাঙ্গা-সোনাদিয়া যাওয়ার পথে দুটি খালের ওপর নির্মিত সেতু দুটি।এলাকাবাসীর অভিযোগ, এক বছর আগে সংযোগ সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার কথা ছিল। ঠিকাদারি প্রতিষ্ঠানের অনিয়মের কারণে আজও তা শেষ হয়নি। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরও (এলজিইডি) বলছে একই কথা। এলজিইডির সূত্রে জানা গেছে, ২০০৬ সালে প্রায় ছয় কোটি টাকা ব্যয়ে ওই সেতু দুটি নির্মাণ করা হয়। এরপর সেতুর দুই পাশে সংযোগ সড়ক নির্মাণের জন্য ২০০৯ সালের জুলাই মাসে ৭৮ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। নির্মাণকাজের দায়িত্ব পায় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স আবুল কাসেম কনস্ট্রাকশন। গত বছরের জুন মাসে সড়কের নির্মাণকাজ শেষ করার কথা ছিল।ওই সড়ক নির্মাণকাজের তদারকি কর্মকর্তা উপসহকারী প্রকৌশলী নুর আহমদ বলেন, সড়কের নির্মাণকাজে মাটি ব্যবহার করার কথা থাকলেও ঠিকাদারি প্রতিষ্ঠান বালু ব্যবহার করে। গত বছরের মার্চে এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানকে বেশ কয়েকবার নোটিশ দিয়ে সতর্ক করা হলেও কোনো কাজ হয়নি। এর মধ্যে গত বছরের জুন মাসে সড়ক নির্মাণে ব্যবহূত বালু সাগরে বিলীন হয়ে যায়। এরপর থেকে সড়কটির নির্মাণকাজ বন্ধ রয়েছে। ঠিকাদারের চরম গাফিলতির কারণে এলাকাবাসী ওই সেতু দুটির কোনো সুফল পাচ্ছে না। ওই ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বলা হয়েছে।সরেজমিনে দেখা গেছে, সড়কটির নির্মাণকাজ পুরোপুরি বন্ধ রয়েছে। সেতুর উত্তর পাশে বালু দিয়ে নির্মাণ করা সংযোগ সড়কে ব্যবহার করা বালুর বেশির ভাগই সাগরে বিলীন হয়ে গেছে। আর সেতুর দক্ষিণ পাশে সংযোগ সড়কের কাজ শুরুই হয়নি। এলাকার লোকজন জানান, সেতু দুটি নির্মিত না হওয়ায় সোনাদিয়ার লোকজন নৌকা দিয়ে যাতায়াত করতে গিয়ে নানা দুর্ভোগের শিকার হচ্ছে। আর সন্ধ্যা হলে সোনাদিয়ার মানুষের যাতায়াত প্রায় বন্ধ হয়ে যায়।কুতুবজোম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিউল আলম বলেন, সড়কটির নির্মাণকাজে মাটির পরিবর্তে বালু ব্যবহার করায় তা সাগরে বিলীন হয়ে যায়। ঠিকাদারের দুর্নীতির কারণে সেতু দুটি জনগণের কোনো কাজেই আসছে না। অভিযোগ প্রসঙ্গে ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী আবুল কাসেম বলেন, আশপাশে মাটি না পাওয়ায় সড়কে কিছু বালুমাটি ব্যবহার করা হয়েছে। টেকসই সড়ক নির্মাণের স্বার্থে সড়কের দুই পাশে সুরক্ষা দেয়াল (গাইডওয়াল) নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তিনি আবেদন করেছেন বলে জানান।উপসহকারী প্রকৌশলী নুর আহমদ বলেন, ঠিকাদারের আবেদনের পরিপ্রেক্ষিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে গাইড ওয়াল নির্মাণের বরাদ্দ চেয়ে আবেদন করা হয়েছে। তবে ঠিকাদার কাজ বন্ধ রেখে অনিয়ম করছেন বলে তিনি উল্লেখ করেন।