সংযোগ সড়কের অভাবে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘একজন রোগীকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিতে হলে এখন পাঁচ কিলোমিটার ঘুরে যেতে হয়। বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল থেকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল পর্যন্ত প্রস্তাবিত সংযোগ সড়কটি হলে দ্রুত রোগীরা যাতায়াত করতে পারবে। সরকার এদিকে কেন নজর দিচ্ছে না তা বোঝা যাচ্ছে না।’ বললেন সরকারি চাকরিজীবী আবদুল জব্বার। জেলা হাসপাতাল হিসেবে পরিচিত বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল থেকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল পর্যন্ত প্রস্তাবিত সংযোগ সড়কটি আট বছরেও নির্মিত না হওয়ায় সমস্যায় পড়েছে প্রস্তাবিত সড়কের আশপাশের গ্রামের মানুষ। প্রকল্প ঝুলে থাকায় অনেকেই তাদের জমি একদিকে যেমন বিক্রি করতে পারছে না তেমনি নিজেরাও বসতবাড়ি করতে পারছে না। সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা গেছে, ২০০৪-০৫ অর্থবছরে শহরের শেরপুর রোডে অবস্থিত মোহাম্মদ আলী হাসপাতাল থেকে ছিলিমপুর শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ পর্যন্ত প্রায় তিন কিলোমিটার একটি সংযোগ সড়ক নির্মাণের প্রকল্প হাতে নেওয়া হয়। সড়ক নির্মাণের জন্য ব্যয় ধরা হয়েছিল প্রায় ১৪ কোটি টাকা। প্রথম পর্যায়ে সড়কটি ৬০ ফুট প্রশস্ত করার কথা থাকলেও এলাকাবাসীর চাপের মুখে তা ৪৫ ফুট করার সিদ্ধান্ত নেওয়া হয়। এ জন্য ভূমি অধিগ্রহণের কাজও শুরু করা হয়। সড়ক নির্মাণ ছাড়াই ভূমি অধিগ্রহণ ও এসব এলাকায় থাকা স্থাপনার ক্ষতিপূরণ বাবদ সাড়ে ১৩ কোটি টাকা ব্যয় ধরা হয়। এই প্রকল্প জাতীয় অর্থনৈতিক কাউন্সিলের (একনেক) নির্বাহী কমিটির সভায় অনুমোদনের জন্য পাঠানো হয়। খোঁজ নিয়ে জানা গেছে, প্রকল্পের দীর্ঘসূত্রতার কারণে ২০১০ সালের জানুয়ারি মাসে প্রকল্পটি সংশোধন করে বাড়তি টাকার জন্য একনেকে পাঠানো হয়েছিল। এর পরও কোনো অগ্রগতি না থাকায় গত বছরের এপ্রিল মাসে জেলা প্রশাসন থেকে সড়কটির গুরুত্ব তুলে ধরে আবারও চিঠি লেখা হয়। তবে প্রকল্পের ব্যয় কমিয়ে এনে এটি সংশোধন করে পুনরায় পাঠানো হয়েছে। এতে ব্যয় ধরা হয়েছে প্রায় ২৫ কোটি টাকা। মালগ্রামের ব্যবসায়ী আবদুস সামাদ বলেন, এই প্রকল্প যদি অনুমোদনও হয় তাহলে বর্তমান বাজার দর অনুযায়ী জমির মূল্যে পরিশোধ করতে হবে। অন্যথায় এসব জমি দেওয়া যাবে না। বগুড়া সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী রাশেদুল আলম বলেন, প্রকল্পের মধ্যে কিছু জমি আগেই অধিগ্রহণ করা হয়েছে। প্রকল্পটির ব্যয় কমিয়ে সংশোধন করে মন্ত্রণালয়ে আবার পাঠানো হয়েছে।