সংযোগ সড়কের কাজ পাঁচ বছরেও শুরু করা যায়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভূমি অধিগ্রহণে দীর্ঘসূত্রতা ও আমলাতান্ত্রিক জটিলতার কারণে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল থেকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল পর্যন্ত সংযোগ সড়কের কাজ পাঁচ বছরেও শুরু করা যায়নি। ২০০৪ সালে নেওয়া এই প্রকল্পটির নতুন প্রস্তাবনা পরিকল্পনা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এতে ব্যয় বেড়েছে ১৩ কোটি টাকা।সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) বিভাগ সূত্রে জানা গেছে, গত জোট সরকারের সময় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালটি শহরের শেরপুর সড়ক থেকে প্রথম বাইপাস সড়কে ছিলিমপুরে নতুন ভবনে স্থানান্তর করা হয়। শহর থেকে এই হাসপাতালে যাতায়াতের সুবিধার্থে ২০০৪-০৫ অর্থবছরে ১৩ কোটি ৭০ লাখ টাকার একটি সংযোগ সড়কের প্রকল্প নেওয়া হয়। ২০০৭ সালের জুনে এই প্রকল্প শেষ হওয়ার কথা থাকলেও প্রকল্পের অনুকূলে অর্থবরাদ্দ না থাকায় তা সম্ভব হয়নি। পরের বছর এডিপিতে অন্তর্ভুক্ত করে প্রকল্পটির মেয়াদ ২০১০ সালের জুন পর্যন্ত বাড়ানো হয়।প্রস্তাবিত এই সড়কের প্রস্থ ধরা হয় ৬০ ফুট। কিন্তু এলাকার লোকজনের দাবির পরিপ্রেক্ষিতে তা ৪৫ ফুট করা হয়। আগে ভূমি অধিগ্রহণের জন্য ব্যয় ধরা হয়েছিল তিন কোটি পাঁচ লাখ ২২ হাজার টাকা। এখন ধরা হয়েছে ১৩ কোটি টাকা। নতুন প্রস্তাবে প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ২৬ কোটি টাকা। বগুড়া শহরের মালগ্রাম এলাকার ব্যবসায়ী আবদুস ছোবহান জানান, শহর থেকে মেডিকেল কলেজ তিন কিলোমিটার দূরে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে যেতে ছয় কিলোমিটার ঘুরতে হয়। এতে অসুস্থ রোগী আরও অসুস্থ হয়ে পড়েন। সওজের বগুড়ার উপবিভাগীয় প্রকৌশলী হামিদুল হক জানান, সংশোধিত প্রস্তাব অনুমোদনের জন্য পরিকল্পনা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। শিগগিরই এটি অনুমোদন পাবে বলে তাঁরা আশা করছেন।