সংযোগ সড়কের জন্য নয়টি গাছ হত্যা!
চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়া পৌরসভার সৈয়দবাড়ী পৌর এলাকার হরিণ গেট নামক স্থানে একটি কমিউনিটি সেন্টারে যাতায়াতের সড়ক তৈরির জন্য নয়টি মূল্যবান গাছ কেটে ফেলা হয়েছে। কমিউনিটি সেন্টারের মালিক মো. ইউনুছ গত রোববার দুপুরে কয়েকজন শ্রমিক দিয়ে এসব গাছ কেটে ফেলেন।গাছগুলো খণ্ড করে সড়ক ও জনপথ বিভাগের রাঙ্গুনিয়া কার্যালয়ে মজুদ করেন কর্মচারীরা। কিন্তু সৈয়দবাড়ী পৌর কাউন্সিলর মো. আইয়ুব পরে সেগুলো নিয়ে যান। মো. আইয়ুবের দাবি, স্থানীয় ২২-২৩ জন যুবক সমবায় সমিতির আওতায় সড়কের সৈয়দবাড়ী পৌর এলাকার হরিণ গেট থেকে রাঙ্গুনিয়া কলেজগেট পর্যন্ত প্রায় ৬০০ মিটার দৈর্ঘ্য ও ৬০ মিটার প্রস্থ জলাশয় বন্দোবস্ত নিয়ে ১০ থেকে ১১ বছর ধরে মাছ চাষ করে আসছেন। জলাশয়ের তীরে তাঁরা নানা প্রজাতির গাছের বাগান গড়ে তোলে। মো. ইউনুছ সাত-আটজন শ্রমিক দিয়ে রোববার দুপুরে ওই বাগানের নয়টি গাছ কেটে ফেলেন। বাজারে এসব গাছের দাম ৬০ হাজার টাকারও বেশি।এ ব্যাপারে মো. ইউনুছ বলেন, সংযোগ সড়ক তৈরির জন্য সওজ থেকে তাঁর স্ত্রী শিরিন আকতারের নামে অনুমোদন দেওয়া হয়েছে। তবে শ্রমিকেরা সড়কমুখের গাছগুলো কেটেছেন কি না, এ ব্যাপারে তিনি কিছুই জানেন না। একই কথা বলেন সওজ বিভাগের উপপ্রকৌশলী এম এ মান্নান। সওজ বিভাগের চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী জুলফিকার হোসেন এ প্রসঙ্গে বলেন, গাছগুলো অবশ্যই সওজ বিভাগের। রাঙ্গুনিয়া কার্যালয় থেকে এসব গাছ নিয়ে যাওয়ার এখতিয়ার কারও নেই। এ ব্যাপারে তিনি ব্যবস্থা নেবেন বলে জানান।