সংযোগ সড়কের দাবিতে মুন্সিগঞ্জে স্বাক্ষর সংগ্রহ অভিযান শুরু
মুন্সিগঞ্জের মুক্তারপুর সেতু থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত সংযোগ সড়ক নির্মাণের দাবিতে স্বাক্ষর সংগ্রহ অভিযান শুরু হয়েছে। গতকাল বুধবার থেকে মুন্সিগঞ্জের বেসরকারি সংগঠন উন্নয়ন ফোরামের উদ্যোগে সাত দিনের এই কর্মসূচি শুরু হয়।ফোরামের নেতারা গত মঙ্গলবার রাতে মুন্সিগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে কর্মসূচির আনুষ্ঠানিক ঘোষণা দেন। তাঁরা জানান, শহরের কাটাখালী বাজার, আদালত ভবনসংলগ্ন মাঠ, সরকারি হরগঙ্গা কলেজসহ ১১টি স্থানে ২২ মার্চ পর্যন্ত স্বাক্ষর সংগ্রহ অভিযান চলবে। সংবাদ সম্মেলনে উন্নয়ন ফোরামের আলমগীর কবির, সিরাজুল ইসলাম, মুজিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।মুন্সিগঞ্জ শহরের উপকণ্ঠ মুক্তারপুরে ধলেশ্বরী নদীর ওপর ২০০৫ সালে নির্মিত সেতু উদ্বোধন করা হয়। কিন্তু সংযোগ সড়ক না থাকায় মুন্সিগঞ্জবাসী সেতুর সুফল ভোগ করতে পারছে না। মুক্তারপুর থেকে পঞ্চবটী পর্যন্ত আট কিলোমিটার দীর্ঘ সরু সড়কটি দিয়েই চলাচল করতে হয় তাদের। এতে সড়কটিতে যানজট লেগেই থাকে। এ কারণে মুন্সিগঞ্জ থেকে ঢাকার ২৬ কিলোমিটার দূরত্ব পাড়ি দিতে চার-পাঁচ ঘণ্টা লেগে যায়। সড়কের এই দশার কারণে রুটটিতে চলাচলকারী তিনটি পরিবহন তাদের ব্যবসা গুটিয়ে নিয়েছে।