সংযোগ সড়কের দুই পাশে ভাঙন, দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার সুনই সেতুর দুই পাশের সংযোগ সড়কে ভাঙন সৃষ্টি হয়েছে। সম্প্রতি তোলা ছবি l প্রথম আলো
সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার সুনই সেতুর দুই পাশের সংযোগ সড়কে ভাঙন সৃষ্টি হয়েছে। সম্প্রতি তোলা ছবি l প্রথম আলো

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার সুনই সেতুর সংযোগ সড়কের দুই পাশে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। এতে এই সেতুর ওপর দিয়ে চলাচল করতে গিয়ে উপজেলার সাতটি ইউনিয়নের কয়েক লাখ মানুষ দুর্ভোগ পোহাচ্ছে। প্রায়ই সেতু থেকে নামার সময় গাড়ি উল্টে গিয়ে ঘটছে দুর্ঘটনা।
সড়ক ও জনপথ (সওজ) সুনামগঞ্জ কার্যালয় ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ধরমপাশা-মধ্যনগর সড়কের পাইকুরাটি ইউনিয়নের সুনই নদের ওপর ২০১৩ সালে সুনই সেতু নির্মাণ করা হয়। নির্মাণের বছর দেড়েক পরই সেতুটির সংযোগ সড়কের দুই পাশের বিভিন্ন স্থানে ভাঙন ও গর্তের সৃষ্টি হয়েছে। ওই সেতুর ওপর দিয়ে প্রতিদিন ট্রাক, লেগুনা, মোটরসাইকেল, অটোরিকশা, ইজিবাইক, ঠেলাগাড়ি, ভটভটি, মোটরসাইকেলসহ তিন শতাধিক যানবাহন চলাচল করে। কিন্তু সেতুটির সংযোগ সড়কের দুই পাশ ভেঙে যাওয়ায় বিভিন্ন যানবাহনের যাত্রীদের এই স্থান দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। এত দিন এই সেতুসহ ধরমপাশা উপজেলার সওজের সব কার্যক্রম সুনামগঞ্জ কার্যালয়ের অধীনে ছিল। গত বছরের ১১ আগস্ট এ উপজেলার সওজের যাবতীয় কার্যক্রম নেত্রকোনার সওজের কাছে হস্তান্তর করা হয়।
এ সেতুর ওপর দিয়ে চলাচলকারী যানবাহনের কয়েকজন চালক অভিযোগ করেন, সুনই সেতুটির দুই পাশে ভয়াবহ ভাঙন ও গর্তের সৃষ্টি হয়েছে। বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন ও রাজনৈতিক নেতাদের জানালেও গত দুই বছরেও কোনো কাজ হয়নি। নিম্নমানের কাজ হওয়ায় সংযোগ সড়কে ভাঙন দেখা দিয়েছে।
২২ ডিসেম্বর বেলা সাড়ে ১১টায় সরেজমিনে দেখা যায়, সুনই সেতুটির দুই পাশের সংযোগ সড়কে ১০-১৫টি স্থানে ব্যাপক ভাঙন ও ছোট-বড় ৫-৬টি গর্তের সৃষ্টি হয়েছে।
লবংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আজিম মাহমুদ বলেন, সুনই সেতুটির দুই পাশের সংযোগ সড়কটি এখন মরণফাঁদে পরিণত হয়েছে। প্রতি মাসেই সংযোগ সড়কের গর্তে পড়ে গাড়ি উল্টে গিয়ে দুর্ঘটনা ঘটে। এ সেতু দিয়ে উপজেলার সেলবরষ, পাইকুরাটি, চামরদানী, মধ্যনগর, বংশীকুণ্ডা উত্তর, বংশীকুণ্ডা দক্ষিণ ও ধরমপাশা সদর উপজেলার দুই লাখ মানুষ চলাচল করে।
এ বিষয়ে সওজের নেত্রকোনা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী দিদারুল আলম তরফদার প্রথম আলোকে বলেন, ‘সুনই সেতুর সংযোগ সড়কের দুই পাশে ব্যাপক ভাঙন ও নানা স্থানে গর্তের সৃষ্টি হয়েছে বলে শুনেছি। আমি সরেজমিনে তা দেখে আসব। এটি মেরামতের ব্যাপারে যথাযথ উদ্যোগ নেওয়া হবে।’