সংযোগবিহীন মিটারে বিদ্যুৎ বিল!
বান্দরবান সদর উপজেলার রাজবিলা মধ্যপাড়ায় বিদ্যুতের খুঁটি ও সঞ্চালন লাইন স্থাপনের আগে সংযোগবিহীন মিটার দিয়ে বিদ্যুৎ বিল পরিশোধে বাধ্য করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
পিডিবির লোকজন ঘুষ নিয়ে দ্রুত কাজ করার প্রতিশ্রুতি দেওয়ায় বাড়িতে সংযোগবিহীন মিটার স্থাপন করে বিদ্যুৎ ব্যবহার না করেও এখন তাঁদের বিল দিতে হচ্ছে বলে গতকাল সোমবার ভুক্তভোগীরা জানিয়েছেন।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) প্রকৌশলীরা সংযোগবিহীন মিটারে বিল দেওয়ার ব্যাপারে মৌখিক অভিযোগ পেয়েছেন স্বীকার করে বলেছেন, বিষয়টি তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
রাজবিলা মধ্যপাড়ার শৈ চাউ মারমা বলেন, গত বছরের অক্টোবরে পিডিবি কার্যালয়ে আবেদন করে সংযোগ মিটার নিয়েছেন। কিন্তু পাড়ার ৩০ পরিবারের এলাকায় এখনো খুঁটিও স্থাপন করা হয়নি। অথচ সংযোগ মিটার দিয়ে পিডিবি দপ্তর থেকে প্রতি মাসে লাইন চার্জসহ বিদ্যুৎ ব্যবহারের বিল দেওয়া হচ্ছে।
সংযোগবিহীন বিদ্যুৎ বিল দিতে আসা শৈ প্রু মারমা বলেন, সংযোগ মিটার নেওয়ার সময় তাঁরা দ্রুত খুঁটি স্থাপন ও সঞ্চালন লাইন টানার জন্য পরিবারপিছু তিন থেকে পাঁচ হাজার টাকা করে দিয়েছেন। কিন্তু চার মাসে এখনো খুঁটি নিয়ে আসা হয়নি। তিনি নভেম্বর ও ডিসেম্বরের বিল দিয়েছেন বলে জানিয়েছেন।
কিবুকপাড়া-রাজবিলা বিদ্যুৎ লাইন স্থাপন কাজের ঠিকাদার শৈহ্লামং রাজবিলা মধ্যপাড়ার একাংশে খুঁটি স্থাপন না হওয়ার কথা স্বীকার করে বলেন, তাঁর শ্রমিকেরা ব্যস্ত থাকায় আগামী মাসে খুঁটি স্থাপনের কাজ শুরু করা হবে। লাইন স্থাপন কাজে নিয়োজিত মিস্ত্রিদের দ্রুত কাজ করে দেওয়ার আশ্বাসে কিছু টাকা দেওয়া হয়েছে শুনেছেন বলে শৈহ্লামং জানিয়েছেন।
পিডিবির সহকারী প্রকৌশলী আশুতোষ বড়ুয়া বলেন, কিবুকপাড়া-রাজবিলা বিদ্যুৎ লাইনে রাজবিলা মধ্যপাড়ায় ৪০ পরিবারের মতো সংযোগ মিটার দেওয়া হয়েছে। কিছু পরিবারে মিটারের সংযোগ না দেওয়া সত্ত্বেও বিল দেওয়ার বিষয়টি তাঁরা জানতে পেরেছেন। দ্রুত কাজ করার আশ্বাসে কর্মচারীদের টাকা নেওয়ার বিষয়টি জানা নেই উল্লেখ করে তিনি বলেন, সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।