সংরক্ষণ কমিটি গঠন, আজ মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের গোয়াইনঘাটের রাতারগুল বনের ভেতরের এই পথকে ১৫ ফুট চওড়া ইটের রাস্তা  করা হবে। কাটা পড়বে অনেক গাছ। বনের ভেতরে হচ্ছে ভবন । ছবি: আনিস মাহমুদ
সিলেটের গোয়াইনঘাটের রাতারগুল বনের ভেতরের এই পথকে ১৫ ফুট চওড়া ইটের রাস্তা করা হবে। কাটা পড়বে অনেক গাছ। বনের ভেতরে হচ্ছে ভবন । ছবি: আনিস মাহমুদ

সিলেটের জলার বন রাতারগুল রক্ষায় নাগরিক ও পরিবেশবাদী সংগঠনের সমন্বয়ে কমিটি গঠন করা হয়েছে। গত বুধবার রাতে সিলেট নগরের বারুতখানায় বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও সিলেটের বিশ্ববিদ্যালয়ভিত্তিক পরিবেশ সংগঠনের উদ্যোগে মতবিনিময় সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি হয়। ‘রাতারগুল জলার বন সংরক্ষণ কমিটি’ নামে ১০১ সদস্যের কমিটিতে সিলেটের বিভিন্ন সামাজিক আন্দোলনের নেতা প্রগতিশীল রাজনীতিবিদ লোকমান আহমদকে আহ্বায়ক ও বাপা সিলেটের সাধারণ সম্পাদক আবদুল করিমকে সদস্যসচিব করা হয়েছে।
আজ শুক্রবার বিকেলে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধনের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করবে এ কমিটি। সিলেটের গোয়াইনঘাট উপজেলার ফতেপুর ইউনিয়নে অবস্থিত রাতারগুল বাংলাদেশের সমৃদ্ধ জলার বন (সোয়াম্প ফরেস্ট)। নদী ও হাওরবেষ্টিত ৫০৪ দশমিক ৫০ একর আয়তনের এই সংরক্ষিত বন প্রকৃতিপ্রেমীদের কাছে পরিচিত হয়ে ওঠার পর এখন সেখানে পর্যবেক্ষণ টাওয়ার, বিশ্রামাগার, রাস্তা নির্মাণসহ বিভিন্ন অবকাঠামো নির্মাণ করছে বন বিভাগ। এ নিয়ে গতকাল বৃহস্পতিবার প্রথম আলোয় ‘রাতারগুল কতল হবে?’ শিরোনামে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশ হয়।
সংরক্ষিত বন এলাকায় অবকাঠামোগত স্থাপনা নির্মাণে বনের প্রাকৃতিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হবে জানিয়ে পরিবেশবাদী সংগঠনগুলো বন বিভাগের এ পরিকল্পনা বাস্তবায়নে আপত্তি তোলে। বাপার কেন্দ্রীয় একটি প্রতিনিধিদল গত বছরের ২২ আগস্ট রাতারগুল পরিদর্শনের পর সাংগঠনিকভাবে বন বিভাগের এ পরিকল্পনা বাস্তবায়নে আপত্তি তুলেছিল। তা সত্ত্বেও বন বিভাগ সেখানে স্থায়ী অবকাঠামো নির্মাণ করছে।
বারুতখানায় বুধবার রাতের সভায় সভাপতিত্ব করেন বাপার সিলেটের সহসভাপতি এমাদ উল্লাহ শহিদুল ইসলাম। বক্তব্য দেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বনবিদ্যা ও পরিবেশবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক এ জেড এম মঞ্জুর রশীদ। তিনি বলেন, বনকে বনের মতো থাকতে না দিতে পারলে ভবিষ্যৎ সুরক্ষা হবে না। প্রয়োজনে সামাজিক আন্দোলনের মধ্য দিয়ে এ অবস্থার মোকাবিলা করতে হবে।