সংরক্ষণ কর্মসূচির মধ্যে জাটকা নিধন চলছেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাটকা সংরক্ষণের লক্ষ্যে সাত মাস উপকূলের নদ-নদী ও সাগর মোহনায় ছোট ফাঁসের জাল দিয়ে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা থাকলেও বিকল্প কর্মসংস্থান না থাকায় পটুয়াখালীর অনেক জেলে জাটকা শিকার করছেন। জেলার ৪৫ হাজার ৬৪২ জেলের মধ্যে ২২ হাজার জেলে এই সময়ে সরকারি কোনো সহায়তা পাননি।মৎস্য অধিদপ্তর সূত্র জানায়, জাটকা রক্ষা ও ইলিশের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে ১ নভেম্বর থেকে ৩১ মে—এই সাত মাস উপকূলের নদ-নদীতে ছোট ফাঁসের জাল দিয়ে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা রয়েছে। এ জন্য ফেব্রুয়ারি থেকে মে—এই চার মাস জেলেদের বিশেষ সহায়তা দেওয়ার কথা।জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, ৪৫ হাজার ৬৪২ জেলের মধ্যে ৩৭৭ জনকে সাত হাজার করে টাকা দিয়ে বিকল্প কর্মসংস্থানের মাধ্যমে পুনর্বাসন করা হয়েছে ও ২২ হাজার ৮৮৫ জনকে ভিজিএফের আওতায় আনা হয়েছে। ২২ হাজার ৩৮০ জন জেলে পুনর্বাসন কিংবা খাদ্য সহায়তার বাইরে রয়েছে।দশমিনা উপজেলার তেঁতুলিয়াপারের সৈয়দ জাফর গ্রামের জেলে মোসলেম মাঝি জানান, গ্রামের অনেক জেলে পরিবার অসহায় অবস্থার মধ্যে দিন কাটাচ্ছে। ভিজিএফের আওতায় চাল না পেয়ে অনেকে বাধ্য হয়ে পেটের তাগিদে নদীতে বেহুন্তি জাল পাতছেন।এদিকে জাটকা নিধন বন্ধে গত পাঁচ মাসে জেলার বিভিন্ন নদ-নদীতে ৫৯০টি অভিযান পরিচালনা করে সোয়া তিন কোটি টাকা মূল্যের ৪৩ লাখ মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে। মামলা হয়েছে ২৭টি। পটুয়াখালী সরকারি কলেজের প্রাণীবিদ্যা বিভাগের সাবেক সহযোগী অধ্যাপক পিযুষ কান্তি হরি জানান, প্রজননের সময় ইলিশ উজানে মিঠাপানিতে নেমে আসে। নভেম্বরে মা-ইলিশের ছাড়া ডিম থেকে উৎপাদিত পোনা এখন দুই থেকে চার ইঞ্চি সাইজের হয়েছে। এই পোনা এখন নদীর উৎসে ঝাঁক বেঁধে চলাচল করতে গিয়ে ছোট ফাঁস জালে আটকা পড়ছে।