রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) মহাপরিকল্পনায় (মাস্টারপ্ল্যান) জনস্বার্থে জলাশয় ও উন্মুক্ত জায়গা সংরক্ষণের কথা ছিল। কিন্তু ১০ বছরেও তা হয়নি। আরডিএ এই দীর্ঘ সময়ে জমি অধিগ্রহণ করে পুকুর সংরক্ষণও করছে না। আবার জমির মালিককে তাঁর সুবিধামতো ব্যবহারও করতে দিচ্ছে না। এ অবস্থায় পরিকল্পনা সংশোধনের উদ্যোগ নিয়েছে উন্নয়ন কর্তৃপক্ষ।
আরডিএ সূত্রে জানা গেছে, ১০ বছর আগে আদর্শ নগরায়ণের জন্য ২০ বছর (২০০৪-২০২৪) মেয়াদি মহাপরিকল্পনা গ্রহণ করে আরডিএ। এর জন্য পদ্মা নদীর চরসহ এর আয়তন নির্ধারণ করা হয় ৩৬৫ বর্গকিলোমিটার। আর চর ছাড়া ৩০০ বর্গকিলোমিটার। পরিকল্পনা গ্রহণের সময় নগরের মোট আয়তনের ৭ দশমিক ৪৩ শতাংশ জলাশয় ছিল। কর্তৃপক্ষের প্রস্তাব ছিল, পরিবেশ সংরক্ষণ, ভূগর্ভস্থ পানির স্তর ঠিক রাখা ও অগ্নিকাণ্ডের সময় প্রয়োজনীয় পানির উৎসস্থল এবং জনসাধারণের ব্যবহারের জন্য ৩ দশমিক ৯৩ শতাংশ জলাশয় (পুকুর) সংরক্ষণ করা হবে। কিন্তু দু-একটি ছাড়া সব পুকুরই ব্যক্তিমালিকানাধীন। আরডিএর মহাপরিকল্পনা অনুযায়ী এই পুকুরগুলোর শ্রেণি পরিবর্তন করা যাবে না। আবার তারা নিজেরাও এই পুকুর রক্ষণাবেক্ষণ করছে না। অধিগ্রহণ করে সরকারের নিয়ন্ত্রণেও নিচ্ছে না।
আরডিএ পুকুর সংরক্ষণে দীর্ঘ সময়েও কোনো ব্যবস্থা না নেওয়ায় কয়েকজন ব্যক্তি তাঁদের প্রয়োজনে পুকুর ভরাট করেছেন। এটা করতে গিয়ে অন্তত চারজন মামলার আসামি হয়েছেন, সব কটিই পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে পরিবেশ সংরক্ষণ আইনে করা। একজন আসামি বলেন, ‘সরকার জনস্বার্থে জলাশয় সংরক্ষণ করতে চায়—এটা ভালো প্রস্তাব। তবে তার আগে মালিকের কাছ থেকে টাকা দিয়ে পুকুরটা কিনে নিতে হবে। কিন্তু তারা কিনেও নেবে না। আবার ভরাটও করতে দেবে না—এটা হয় না।’
আরডিএর মহাপরিকল্পনার মধ্যে ছিল জনস্বার্থে নগরের উন্মুক্ত জায়গা সংরক্ষণ। বর্তমানে নগরের মোট আয়তনের মধ্যে স্টেডিয়াম ও পার্ক মিলে উন্মুক্ত জায়গা রয়েছে মাত্র শূন্য দশমিক ৫৫ ভাগ (প্রায় ১৩৪ একর)। কিন্তু মহাপরিকল্পনায় ৩ দশমিক ৫৭ ভাগ (৮৮২ একর) জায়গা উন্মুক্ত রাখার প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে রয়েছে কেন্দ্রীয় পার্ক ও কমিউনিটি পার্ক। কেন্দ্রীয় পার্কের জন্য মেহেরচাণ্ডী এলাকায় ৮০ একর, বারুইপাড়া ও বুধপাড়া এলাকায় কমিউনিটি পার্কের জন্য ১৬ একর, উজিরপুকুর এলাকায় বোটানিক্যাল গার্ডেনের জন্য ২০০ একর এবং কুখান্ডি এলাকায় ৫০ একর জমি সবুজ প্রকৃতি সংরক্ষণের জন্য প্রস্তাব করা হয়েছে।
কিন্তু এই প্রস্তাব পর্যন্তই শেষ। ১০ বছরে কর্তৃপক্ষ তাদের পরিকল্পনা বাস্তবায়নে কোনো পদক্ষেপ নেয়নি। মাঝখানে বিপদে পড়েছেন জমির মালিকেরা। তাঁরা জমি কোনো কাজে ব্যবহার করতে পারছেন না।
এই জমির মালিকদের মধ্যে রয়েছেন স্বয়ং আরডিএর চেয়ারম্যান বজলুর রহমান। তিনি বলেন, তিনি ব্যক্তিগত প্রয়োজনে জমি ব্যবহার করতে পারছেন না। আবার কর্তৃপক্ষ অধিগ্রহণ করে নিলেও সেই টাকায় অন্য জায়গায় জমি কিনতে পারতেন। কিন্তু কোনোটাই হচ্ছে না।
আরডিএর চেয়ারম্যান বলেন, জলাশয় ও উন্মুক্ত জায়গা সংরক্ষণ করার পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব নয়। এ কাজ করতে হলে জমি অধিগ্রহণ করতে হবে। কিন্তু সেই টাকা কর্তৃপক্ষের নেই। তাই পরিকল্পনা সংশোধনের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।