সংরক্ষণে অভয়ারণ্য ঘোষণা করার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের আড়াইহাজার ও ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় গত বছর মেঘনায় প্রচুর ইলিশ ধরা পড়েছে। ইলিশের এ প্রাচুর্য সংরক্ষণে নদীর প্রায় ৩৫ কিলোমিটার দীর্ঘ এলাকাকে অভয়ারণ্য ঘোষণার দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
আড়াইহাজার ও বাঞ্ছারামপুর উপজেলা মৎস্য কার্যালয় সূত্রে জানা গেছে, বাঞ্ছারামপুরে অন্তত ১০টি গ্রামের প্রায় এক হাজার জেলে ইলিশ মাছ শিকার করে জীবিকা নির্বাহ করেন। আর আড়াইহাজারে অন্তত পাঁচ শ জেলে এ পেশায় নিয়োজিত।
আড়াইহাজার উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় থেকে সম্প্রতি জেলায় পাঠানো এক প্রতিবেদনে বলা হয়, গত কয়েক বছরে মা-ইলিশ সংরক্ষণের উদ্যোগ নেওয়ায় ওই অঞ্চলে প্রচুর পরিমাণে জাটকা ও মা-ইলিশ ধরা পড়ছে। এ প্রাচুর্য ধরে রাখতে পারলে উপযুক্ত মৌসুমে ব্যাপকভাবে ইলিশ (আহরণ) ধরা সম্ভব হবে। এতে এ অঞ্চলের ইলিশ রপ্তানির সম্ভাবনা তৈরি হবে।
বাঞ্ছারামপুর উপজেলার বাহেরচর গ্রামের জেলে শহিদউল্লাহ বলেন, ‘গত বছর প্রচুর পরিমাণ ডিমসহ ইলিশ ধরা পড়েছে, যা কয়েক যুগেও দেখি নাই। ঠিক সময়ে ইলিশ ধরলে বড় ও বেশি পরিমাণ পাওয়া যাইব। ইলিশ ধরা যহন বন্ধ ছিল সরকার গরিব জেলেদের কোনো সাহায্য-সহযোগিতা করে নাই।’
আড়াইহাজার উপজেলা মৎস্য কর্মকর্তা হাছান আহম্মেদ চৌধুরী বলেন, ‘উপজেলার অন্তর্গত মেঘনা নদীতে ইলিশের প্রাচুর্য আছে। এ প্রাচুর্য রক্ষা করলে পরিপক্ব ইলিশ উল্লেখযোগ্য হারে পাওয়া যাবে, যা থেকে রাজস্ব আয়ের ব্যাপক সম্ভাবনা আছে। আড়াইহাজারের মেঘনায় ইলিশের প্রাচুর্য রক্ষায় জেলায় একটি প্রতিবেদন পাঠিয়েছি। সেটার অনুমোদন হলে এ অঞ্চলে রুপালি ইলিশের দিন ফিরে আসবে।’
বাঞ্ছারামপুর উপজেলা মৎস্য কর্মকর্তা শুভ্র সরকার বলেন, ‘মেঘনা নদীর আড়াইহাজার উপজেলার সঙ্গে বাঞ্ছারামপুর উপজেলার এক অংশে সংযোগ আছে। অন্যদিকে আরেকটি অংশে নরসিংদী সদর উপজেলারও সংযোগ আছে। বাঞ্ছারামপুর উপজেলার অংশে এক মৌসুমে অন্তত ১০০ মেট্রিক টন ইলিশ ধরা হয়। প্রাচুর্য রক্ষা করলে তা কয়েক গুণ বেড়ে যাবে। পাশাপাশি সংশ্লিষ্ট জেলেদের মধ্যে সচেতনতা বাড়াতে হবে এবং ইলিশ ধরার নিষিদ্ধ সময়ে তাঁদের পুনর্বাসন করারও উদ্যোগ নিতে হবে। বাঞ্ছারামপুর উপজেলার মেঘনা নদীর ইলিশের প্রাচুর্য রক্ষার জন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখেছি।’
নারায়ণগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা মর্জিনা বেগম বলেন, ‘আড়াইহাজারে মেঘনা নদীতে ইলিশের প্রাচুর্য রক্ষায় মৎস্য অধিদপ্তরে চিঠি দিয়েছি। এখনো তা অনুমোদিত হয়নি।’