সংরক্ষণের অভাবে বছরে চার লাখ মেট্রিক টন মাছ নষ্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি হিসাবে বর্তমানে দেশে বছরে প্রায় ৩১ লাখ মেট্রিক টন মাছ আহরণ করা হয়। বরফ দিয়ে সঠিকভাবে সংরক্ষণ এবং যথাযথ পদ্ধতিতে প্রক্রিয়াজাত করতে না পারায় এর মধ্যে চার লাখ মেট্রিক টন মাছের গুণগত মান নষ্ট হয়।মৎস্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, ২০১১-১২ অর্থবছরে বঙ্গোপসাগর থেকে পাঁচ লাখ ৪৬ হাজার ৩৩৩ মেট্রিক টন ও অভ্যন্তরীণ জলাশয় থেকে ২৫ লাখ ১৫ হাজার ৩৫৪ মেট্রিক টন মাছ আহরণ করা হয়।বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) সূত্রে জানা গেছে, বঙ্গোপসাগর থেকে ১৮৬টি কারখানাভিত্তিক ট্রলার, ২২ হাজার ইঞ্জিনচালিত নৌযান ও প্রায় ৬৫ হাজার ইঞ্জিনবিহীন নৌযান দিয়ে মাছ ধরা হয়। পাঁচ লাখ জেলে এসব যানে করে সমুদ্র থেকে মাছ আহরণ করেন।জেলেরা জানান, মৎস্য উন্নয়ন করপোরেশনের ব্যবস্থাপনায় দেশে নয়টি অবতরণকেন্দ্র থাকলেও এগুলোতে মাছ প্রক্রিয়াজাত ও সংরক্ষণের আধুনিক সুযোগ-সুবিধা নেই।পাথরঘাটা মৎস্য অবতরণকেন্দ্রের ব্যবস্থাপক লে. কমান্ডার মীর হুমায়ুন কবির বলেন, অবতরণকেন্দ্রে মাছ সংরক্ষণের ব্যবস্থা শুধুই বরফনির্ভর। এ ছাড়া যোগাযোগব্যবস্থা ভালো না হওয়ায় আহরিত মাছ দেশের বিভিন্ন স্থানে চালান দিতে সমস্যা হয়। এতে মাছের গুণগত মান বজায় রাখা সম্ভব হয় না।বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা জানান, গভীর সাগর থেকে মাছ ধরে কিনারে ফিরতে একটি ট্রলারের কমপক্ষে ১০ দিন সময় লাগে। এই সময়ে আহরিত মাছ সংরক্ষণ করা কঠিন। বরফকলের সংকট এবং এগুলোতে বছরের নির্দিষ্ট কয়েক মাসের জন্য বরফ উৎপাদন হওয়ায় মাছ সংরক্ষণে বেগ পেতে হয়। এতে অনেক মাছ পচে যায়।মৎস্য মান নিয়ন্ত্রণ দপ্তরের খুলনা কার্যালয়ের উপপরিচালক মো. আবদুর রাশেদ জানান, আহরণ, প্রক্রিয়াজাতকরণ ও যোগাযোগের সমস্যার কারণে শতকরা ১৫-২০ ভাগ সামুদ্রিক মাছের আকার ও রং নষ্ট হয়ে যায়। এতে প্রতিবছর দেশের সম্পদের ক্ষতি হয়।মৎস্য বিশেষজ্ঞরা জানান, দেশের অভ্যন্তরে মাছ পরিবহনের চিত্রটিও করুণ। দেশের দক্ষিণ-পশ্চিম ও অন্যান্য অঞ্চল থেকে মাছ পরিবহনের জন্য সাধারণত বড় বাঁশের ঝুঁড়ি ব্যবহার করা হয়। দুই মণ ধারণক্ষমতার এসব বাঁশের ঝুঁড়ির চারদিকে পলিথিন পেঁচিয়ে উঁচু করে চার-পাঁচ মণ মাছ ভর্তি করে নামমাত্র বরফ দেওয়া হয়। এরপর একটির ওপর আরেকটি ঝুঁড়ি বসিয়ে ট্রাকে করে মাছ পরিবহন করা হয়। ফলে ওপরের ঝুঁড়ির চাপে নিচের ঝুড়ির মাছ নরম হয়ে এর গুণগত মান নষ্ট হয়ে যায়।বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মাৎস্য প্রযুক্তি বিভাগের অধ্যাপক এ কে এম নওশাদ আলম জানান, তিনি কুমিল্লার দাউদকান্দি এলাকার প্লাবনভূমি মৎস্য প্রকল্প এলাকায় সমীক্ষা চালিয়ে দেখেছেন সেখানে আহরিত মাছ বাঁশের ঝুড়িতে করে ট্রাকে চট্টগ্রামের মোকামে পৌঁছানো হয়। সঠিকভাবে সংরক্ষণ না করায় ঝুড়িতে করে আনা শতকরা ২৭ ভাগ মাছ পচে নষ্ট হয়ে যায়। এতে মাছচাষিরা ৩০ শতাংশ মূল্য কম পান।