সংরক্ষণের অভাবে হারিয়ে যাচ্ছে প্রাচীনকালের নৌযান
নৌপথে দক্ষিণ এশিয়ার সঙ্গে চীনের বাণিজ্যিক যোগাযোগ প্রাচীনকাল থেকেই ছিল। এদিকে পর্যায়ক্রমে আরব, পর্তুগিজ ও ইউরোপীয়রা উপমহাদেশে আসে ব্যবসা-বাণিজ্যের প্রয়োজনে। সেই সময়ে চট্টগ্রাম কিংবা চট্টগ্রাম বন্দরের নামের ভূমিকার কথা উল্লেখ না থাকলেও গাঙ্গেয় বন্দর নামে এই বন্দরের ভূমিকার কথা উল্লেখ আছে ইতিহাসের পাতায়।দ্য ডেইলি স্টার এবং আলিয়ঁস ফ্রঁসেজের যৌথ আয়োজনে নৌপ্রযুক্তিবিষয়ক সপ্তাহব্যাপী উৎসবের দ্বিতীয় দিনে গতকাল সোমবার বাংলার সমুদ্রযাত্রা-বিষয়ক ইতিহাসের প্রেক্ষাপট, বঙ্গোপসাগর এবং প্রাচীন সমুদ্রপথ, বাংলার ইতিহাস, সমুদ্রযাত্রার প্রেক্ষাপট বিষয়ে আলোচনায় বক্তারা এসব কথা বলেছেন। চকবাজারের আলিয়ঁস ফ্রঁসেজ কার্যালয়ে অনুষ্ঠিত সকালে অনুষ্ঠানের আলোচনায় অংশ নেন আলিয়ঁস ফ্রঁসেজ চট্টগ্রাম কার্যালয়ের পরিচালক সামুয়েল বেরথে, জেন ফ্রাসোস সালে এবং নৌযান নির্মাতা প্রতিষ্ঠান তাড়াতাড়ি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইভ মার এবং অধ্যাপক মোমিন চৌধুরী। দিনব্যাপী এই আয়োজনে সকালে ও দুপুরে বাংলার সমুদ্রযাত্রা-বিষয়ক ইতিহাসের প্রেক্ষাপট, বঙ্গোপসাগর এবং প্রাচীন সমুদ্রপথ, বাংলার ইতিহাস, সমুদ্রযাত্রার প্রেক্ষাপট বিষয়ে ডকুমেন্টারি প্রদর্শন এবং সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমীতে নদীবিষয়ক দ্য রিভার চলচ্চিত্র প্রদর্শন করা হয়। উৎসবের তৃতীয় দিন আজ মঙ্গলবার সকালে মাছের একমাত্র প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র হালদা নদী নিয়ে বক্তব্য রাখবেন মঞ্জুরুল কিবরিয়া এবং চট্টগ্রামের নাবিকদের সাগর ও আকাশ জ্ঞান নিয়ে আলোচনা করবেন প্রত্নতত্ত্ববিদ শাহনাজ হুসনে জাহান। এ ছাড়া বিকেল পাঁচটায় বিশদ বাংলায় অনুষ্ঠিত হবে নৌবিষয়ক বইয়ের প্রদর্শনী। একই দিন সন্ধ্যায় শিল্পকলা একাডেমীতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।