সংরক্ষণের উদ্দেশ্যে বনভান্তের মরদেহ পেটিকাবদ্ধ হলো
দেশের বৌদ্ধসম্প্রদায়ের অন্যতম শীর্ষ ধর্মীয়গুরু শ্রীমৎ সাধনানন্দ মহাস্থবিরের (বনভান্তে) মরদেহ গত বৃহস্পতিবার পেটিকাবদ্ধ (কফিন) করা হয়েছে। আগামী ২ মার্চ বিশেষ ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে তাঁর মরদেহ রাঙামাটির রাজবন বিহারের সাধনা কুটিরে সংরক্ষণের চূড়ান্ত ব্যবস্থা করা হবে। রাজবন বিহার পরিচালনা কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি গৌতম দেওয়ান জানান, এ ব্যবস্থায় বাংলাদেশে কারও মরদেহ সংরক্ষণের ঘটনা এটাই প্রথম। ভক্তদের অনুরোধে বনভান্তের মরদেহ সংরক্ষণের ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে কত দিন বা কত বছর সংরক্ষণ করা হবে, সে ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। গতকাল শুক্রবার দুপুরে দেখা যায়, রাজবন বিহার দেশনালয়ে রাখা পেটিকাটি কাচ দিয়ে বিশেষ কায়দায় তৈরি। চারদিক থেকে মরদেহটি দেখা যায়। গতকালও মরদেহ দেখতে ও শ্রদ্ধা জানাতে অনেকেই সেখানে ভিড় জমান।গত ৩০ জানুয়ারি ঢাকার একটি হাসপাতালে বনভান্তের মহাপ্রয়াণ ঘটে। বিহার পরিচালনা কমিটি সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার থাইল্যান্ডের বিখ্যাত শ্রীরাজ হাসপাতালের তিনজন বিশেষজ্ঞ এসে বনভান্তের মরদেহ বিশেষ কায়দায় পেটিকাবদ্ধ করেন। তাঁদের সহযোগিতা করেন স্নেহ কান্তি চাকমাসহ চারজন চিকিৎসক। স্নেহ কান্তি জানান, মরদেহ সংরক্ষণের এ ব্যবস্থা মমিফিকেশন নয়। এটি একটি আধুনিক বিশেষ ব্যবস্থা। থাইল্যান্ড ও মিয়ানমারে অনেক বৌদ্ধধর্মীয় সাধক ও বিশেষ ব্যক্তির মরদেহ সংরক্ষিত আছে।