রাজশাহীর বাঘা উপজেলায় পদ্মা নদীতে ডুবে থাকা প্রাচীন স্থাপনা সংরক্ষণের উদ্যোগ নিয়েছে প্রশাসন। সেখানে লাল নিশান ও বিজ্ঞপ্তি টাঙিয়ে দেওয়া হয়েছে। কিন্তু গতকাল রোববারও অনেকেই ওই স্থাপনার বিভিন্ন অংশ খুলে নিয়ে যায় বলে অভিযোগ উঠেছে।বাঘার চকরাজাপুর এলাকায় পদ্মায় ডুবে থাকা ওই স্থাপনা দেখতে গতকালও হাজার হাজার মানুষ ভিড় করে। স্থানীয় বাসিন্দারা জানান, স্থাপনা সংরক্ষণের জন্য দুজন চৌকিদারকে দায়িত্ব দেওয়া হয়েছে। কিন্তু হাজার হাজার মানুষকে নিয়ন্ত্রণ করা তাঁদের পক্ষে সম্ভব হচ্ছে না। অনেকেই পানিতে নেমে স্থাপনার ওপর উঠছে। ভবনের জিনিসপত্র খুলে নিয়ে যাচ্ছে।বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেওয়ান মো. শাহরিয়ার ফিরোজ বলেন, স্থাপনা এলাকায় লাল নিশান টাঙিয়ে দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তি দিয়ে ভবনের কাছে কাউকে না যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। তিনি জানান, কেউ ওই স্থাপনার কোনো ইট বা অন্য কিছু সরালে ১৯৬৮ সালের পুরাকীর্তি আইনে শাস্তিযোগ্য অপরাধ বলে গণ্য হবে। তিনি আরও জানান, আজ প্রত্নতত্ত্ব বিভাগের মহাপরিচালক শফিকুল ইসলাম ও জেলা প্রশাসক শেফাউল করিম স্থাপনা পরিদর্শন করবেন।প্রত্নতত্ত্ব বিভাগের বগুড়া অঞ্চলের পরিচালক বদরুল আলম গতকাল স্থাপনা পরিদর্শনের পর প্রথম আলোকে বলেন, স্থাপনাটি অনেক প্রাচীন। ইটের আকার ও চুন-সুরকির গাঁথুনি দেখে মনে হচ্ছে, এটা মোগল বা ব্রিটিশ আমলের। পানিতে নেমে মনে হয়েছে, সেখানে দুটি স্থাপনা রয়েছে। সম্ভবত ভবন দুটির ছাদ ধসে গেছে। মানুষ যেখানে উঠছে, সেটা ভবনের দেয়াল হতে পারে। এটা সংরক্ষণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান বলেন, ‘কেউ বড় ধরনের কোনো কিছু নিচ্ছে বলে অভিযোগ পাইনি। শখের বশে দু-এক টুকরো ইট নিলেও নিতে পারে।’