সংরক্ষিত আসনে প্রার্থীদের পছন্দের প্রতীক 'কাঁচি'
সিরাজগঞ্জের রায়গঞ্জ পৌরসভার আসন্ন নির্বাচনে সংরক্ষিত আসনের (মহিলা) কাউন্সিলর পদপ্রার্থীদের অধিকাংশেরই প্রতীক হিসেবে কাঁচি পছন্দ। পৌরসভার তিনটি সংরক্ষিত আসনে মনোনয়নপত্র জমাদানকারী আট প্রার্থীর মধ্যে চারজনেরই প্রথম পছন্দের প্রতীক কাঁচি।
সংরক্ষিত-১ (ওয়ার্ড নম্বর ১, ২ ও ৩) আসনের জন্য তিনজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এঁদের মধ্যে মোছা. শামসুন্নাহার ও নাসরিন খাতুন দুজনই কাঁচি প্রতীক চেয়েছেন। অপর প্রার্থী সেলিনা বেগম প্রতীক হিসেবে পছন্দ করেছেন পুতুল। সংরক্ষিত-৩ (ওয়ার্ড নম্বর ৭, ৮ ও ৯) আসনের দুজন প্রার্থী হাসনা হেনা ও নাজমা খাতুনের পছন্দের প্রতীক কাঁচি। তবে সংরক্ষিত-২ (ওয়ার্ড নম্বর ৪, ৫ ও ৬) আসনের প্রার্থী হাফিজা খাতুন গ্যাসের চুলা ও লাকী খাতুন আঙুর প্রতীক পছন্দ করেছেন। অপর প্রার্থী মাছুমা খাতুনের সঙ্গে অবশ্য যোগাযোগ করা সম্ভব হয়নি।
সাতজনের চারজনই কাঁচি প্রতীক পছন্দের কারণ হিসেবে বলেন, কাঁচি জিনিসটি নারী ভোটারদের খুবই পরিচিত ও দরকারি উপকরণ। তাই এ প্রতীকে নির্বাচনের বৈতরণি পার হওয়া সহজ হবে বলে তাঁরা মনে করেন।
রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকা রায়গঞ্জ ইউএনও ইকবাল আখতার বলেন, একটি প্রতীক একাধিক প্রার্থী পছন্দ করলে লটারি হবে। নির্বাচন কমিশন সংরক্ষিত আসনের প্রার্থীদের জন্য আঙুর, কাঁচি, গ্যাসের চুলা, চকলেট, চুড়ি, পুতুল, ফ্রক, ভ্যানিটি ব্যাগ, মৌমাছি ও হারমোনিয়ামকে প্রতীক করেছে।