সংরক্ষিত আসনের নারী সদস্যরা বৈষম্যের শিকার
তৃণমূল পর্যায়ের রাজনীতিতে নারীর অংশগ্রহণ বাড়ছে। তাঁদের মধ্যে নেতৃত্বের সব ধরনের গুণাবলি স্পষ্ট। কিন্তু পুরুষতান্ত্রিক মানসিকতার কারণে কর্মক্ষেত্রে তাঁরা উপেক্ষিত। বাধাগ্রস্ত হচ্ছে তাঁদের সক্রিয় অংশগ্রহণ।
গতকাল রোববার ‘ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনে নারী সদস্যদের ক্ষমতা ও কার্যাবলি: বাস্তবায়নে করণীয়’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা কথাগুলো বলেন। ডেইলি স্টার ভবনের একটি মিলনায়তনে যৌথভাবে এর আয়োজন করে ব্লাস্ট, ইউরোপীয় ইউনিয়ন, সিডা ওডিয়াকনিয়া।
বক্তারা আরও বলেন, সংরক্ষিত আসনের নারী সদস্যরা নানা ধরনের বৈষম্যের শিকার হন। পরিষদের কাজে তাঁদের সক্রিয় অংশগ্রহণ নেই বললেই চলে। এখানে তাঁদের মতামতের কোনো গুরুত্ব নেই। এমনকি মিটিংয়ে তাঁদের বদলে তাঁদের স্বামীদের অংশ নেওয়ার উদাহরণও আছে। চেয়ারম্যানের অনুমতি ছাড়া কোনো আলোচনাতেও তাঁরা অংশ নিতে পারেন না। সুযোগ-সুবিধা প্রাপ্তির ক্ষেত্রেও তাঁরা পিছিয়ে।
সভায় জানানো হয়, ২০১৫ সালে ৪৫টি ইউনিয়নে ব্লাস্ট এক সমীক্ষা চালায়। এই সমীক্ষাতে দেখা গেছে, ৫৮৫টি স্থায়ী কমিটির মধ্যে মাত্র ৯২টির সভাপতি নারী। নিয়ম অনুযায়ী এ সংখ্যা হতে হবে কমপক্ষে ১৯৫। একই রকম প্রবণতা দেখা গেছে বাস্তবায়িত প্রকল্প প্রধানের ক্ষেত্রেও।
প্রধান অতিথির বক্তব্যে সাংসদ ফজলে হোসেন বাদশা বলেন, ইউনিয়ন পরিষদে কেন সংসদেও নারী সদস্যরা বৈষম্যের শিকার হন। বিধিমালা করে এই সংকটের সমাধান সম্ভব নয়। এ জন্য নির্বাচন পদ্ধতি পরিবর্তন করতে হবে। পাশাপাশি জবাবদিহির সংস্কৃতিও খুব দরকার।
সভায় নওগাঁর কালিকাপুর ইউনিয়নের সংরক্ষিত আসনের নারী সদস্য হোসনে আরা বেগম বলেন, ‘পরিষদে নারী-পুরুষ সদস্যদের মধ্যে বৈষম্য প্রকট। আমি তিনটি ওয়ার্ডে বণ্টনের জন্য ৩০টি ভিজিডি কার্ড পেয়েছি, যেখানে পুরুষ সদস্যরা এক ওয়ার্ডের জন্য পেয়েছেন ৩৫টি কার্ড। এ ছাড়া কোনো কাজে আমাদের মতামতও নেওয়া হয় না। অন্যান্য সুবিধাদিও খুব কম।’
সাংসদ শিরিন আখতার বলেন, ক্ষমতার কেন্দ্রে নারী থাকলেও দেশে নারীদের অবস্থা নাজুক। প্রত্যেক নারীকে নিজের অধিকার আদায়ে শক্ত হাতে কাজ করতে হবে। এ ছাড়া নারী সদস্যদের তাঁদের ক্ষমতা, অধিকার ও কার্যবিধি সম্পর্কে ভালোভাবে জানার পরামর্শ দেন তিনি, যাতে তাঁরা কর্মক্ষেত্রে সম-অধিকার, সমমর্যাদা প্রতিষ্ঠা করতে পারেন।