সংরক্ষিত আসনের প্রার্থীকে হামলার অভিযোগে আটক ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জে শাহনাজ বেগম (৪২) নামে সংরক্ষিত আসনের এক নারী কাউন্সিলর প্রার্থী ভোট চাইতে গিয়ে হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তাঁকে গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ওই কাউন্সিলরের সমর্থকেরা প্রিন্স (২৮) নামে এক যুবককে পুলিশে দিয়েছেন।

পুলিশ, এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পৌরসভার ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত আসনের প্রার্থী শাহনাজ বেগম গতকাল বিকেলে থানাপাড়া গ্রামের ছবি রানীর বাড়িতে ভোট চাইতে যান। তাঁকে দেখেই ছবি রানী ক্ষুব্ধ হয়ে ঝাড়ু নিয়ে তেড়ে আসেন। এতে দুই পক্ষের কথা-কাটাকাটির একপর্যায়ে ছবি রানীর ছেলে সুমন রায় দলবল নিয়ে শাহনাজ বেগমকে মারধর করেন। শাহনাজ বেগম ওই আসনের বর্তমান কাউন্সিলরও।

হাসপাতালে চিকিৎসাধীন কাউন্সিলর শাহনাজ বলেন, ‘সুমন ও তাঁর সাঙ্গপাঙ্গরা গলা টিপে আমাকে হত্যার চেষ্টাসহ মারপিট করে।’

চিকিৎসা কর্মকর্তা আয়শা সিদ্দিকা বলেন, হামলায় আঘাতপ্রাপ্ত হিসেবেই শাহনাজ বেগম হাসপাতালে ভর্তি হন। তাঁর শরীরে আঘাতের চিহ্ন না থাকলেও গলা টিপে ধরায় কণ্ঠনালিতে ব্যথা অনুভব করছেন। তাঁকে চিকিৎসা দেওয়া হচ্ছে।   

ঘটনার সময় ওই নারী কাউন্সিলরের সঙ্গে থাকা তাঁর মেয়ে শায়লা আখতার অভিযোগ করেন, ‘আমার মায়ের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে কারও ইঙ্গিতে ওই হামলা চালানো হয়েছে।’

এদিকে প্রিন্সকে আটকের বিষয়ে থানাপাড়া গ্রামের নাম প্রকাশে অনিচ্ছুক দুই ব্যক্তি বলেন, কাউন্সিলর শাহনাজের ওপর হামলার ঘটনায় প্রিন্স জড়িত নন। অথচ ঘটনার দুই ঘণ্টা পর ওই কাউন্সিলরের লোকজন পৌর শহরের সোনালী ব্যাংকের সামনে একটি দোকানে বসে থাকা অবস্থায় ছেলেটিকে টেনে-হিঁচড়ে মারতে মারতে নিয়ে যান। পরে তাঁরা তাঁকে পুলিশে দেন।

এ বিষয়ে কাউন্সিলর শাহনাজ বলেন, ‘প্রিন্স হামলার সঙ্গে জড়িত না। আমি তাঁকে ছেড়ে দিতে পুলিশকে বলব।’ 

যোগাযোগ করা হলে ছবি রানী বলেন, ‘গতবার শাহনাজ বেগম ভোটে জিতে এলাকায় আর পা দেননি। এই কথা মনে করিয়ে দিতেই তিনি (কাউন্সিলর) আমার ওপর খেপে যান। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে তিনি ও তাঁর সমর্থকেরা আমার ও আমার ছেলের ওপর হামলা চালান। আমরা তাঁকে মারিনি।’

বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান গতকাল সন্ধ্যায় বলেন, মহিলা কাউন্সিলরের ওপর হামলার ঘটনায় এলাকাবাসী একজনকে আটক করে পুলিশে দিয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।