সংরক্ষিত ইউপি সদস্য থেকে চেয়ারম্যান প্রার্থী

গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সংরক্ষিত সদস্য রেহেনা বেগম এবার চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী। গত ইউপি নির্বাচনে রেহেনা বেগম খোর্দ্দকোমরপুর ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত ইউপি সদস্য নির্বাচিত হয়েছিলেন।
চতুর্থ দফায় আগামী ৭ মে উপজেলার ১১টি ইউপিতে চেয়ারম্যান পদে মোট ৫৯ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন। এর মধ্যে একমাত্র নারী চেয়ারম্যান প্রার্থী রেহেনা।
খোর্দ্দকোমরপুর ইউনিয়নে মোট চেয়ারম্যান প্রার্থী আটজন। অন্য সাতজন প্রার্থী হলেন বিএনপির শামছুজোহা সরকার, জাতীয় পার্টির কাওছার শাহ মাহামুদ আল-হাছান, স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান চৌধুরী, আলম প্রধান, ওসমান গনি, নজরুল ইসলাম ও নজল হোসেন। এই ইউনিয়নে মোট ভোটার ১৩ হাজার ৩৫৮ জন। এর মধ্যে পুরুষ ৬ হাজার ৫০৩ জন ও নারী ৬ হাজার ৮৫৫ জন।
রেহেনার বাবার বাড়ি রাজশাহী নগরের কেশবপুর ভেরিপাড়া এলাকায়। বাবা মৃত মহাআলম একজন পুলিশ পরিদর্শক ছিলেন। উচ্চমাধ্যমিক পাস রেহেনার ১৯৮৮ সালে বিয়ে হয়। স্বামী মৃত আজাহার আলীও পুলিশ কর্মকর্তা ছিলেন। আজাহার আলীর বাড়ি সাদুল্যাপুরের খোর্দ্দকোমরপুর ইউনিয়নের তালুক হরিদাশ গ্রামে। রেহেনার দুই মেয়ে ও এক ছেলে। বড় মেয়ে আঞ্জুমান আরা খাতুনের বিয়ে হয়েছে। ছোট মেয়ে আফসানা আক্তার এমএ প্রথম বর্ষে পড়ে। ছেলে রাশিদুল ইসলাম উচ্চমাধ্যমিক শ্রেণিতে পড়ছে।
রেহেনা বাংলাদেশ নারী উন্নয়ন সমিতি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক। এ ছাড়া খোর্দ্দকোমরপুর বাজারে অবস্থিত আলিফ সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী প্রধান তিনি। সংস্থাটি বাল্যবিবাহ রোধে সচেতনতা সৃষ্টির জন্য কাজ করে। তিনি সমাজসেবামূলক কাজের জন্য বিভিন্ন সংগঠন থেকে একাধিকবার স্বর্ণপদকও পেয়েছেন। এলাকার মানুষের কাছে তিনি জনপ্রিয়।
রেহেনা বলেন, ‘আমি গত দিনে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছি। তবে জনপ্রতিনিধির দায়িত্ব পালন করতে গিয়ে দেখেছি, তৃণমূল পর্যায়ে নারীরা অনেক ক্ষেত্রে অবহেলিত। এমনকি তাঁরা নির্বাচিত হলেও ইউপিতে বরাদ্দ পাওয়ার ক্ষেত্রে বৈষম্যের শিকার হন। আমি নিজেও হয়েছি। কিন্তু সদস্য পদে থেকে এসব সমস্যা দূর করা সম্ভব নয়। তাই ক্ষমতাসীন দলের মনোনয়ন নিয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছি। আমি নির্বাচিত হলে ওই সব বৈষম্য দূর করব। ইউপিতে নারীর সম-অধিকার প্রতিষ্ঠা করব। এই প্রথম দলীয়ভাবে ইউপি নির্বাচন। সুষ্ঠু নির্বাচন হলে আমি জয়ী হতে পারব।’