সংরক্ষিত উদ্যানে চরে গরু
বরিশাল নগরের প্রাণকেন্দ্রে গড়ে তোলা সংরক্ষিত উদ্যান গরু-ছাগলের দখলে চলে গেছে। গরুর মলমূত্রে নষ্ট হচ্ছে উদ্যানের পরিবেশ। রক্ষণাবেক্ষণের উদ্যোগ নেই সিটি করপোরেশনের। এ অব্যবস্থানায় ক্ষুব্ধ হাঁটতে আসা নাগরিকেরা।
উদ্যানের নিরাপত্তারক্ষীর দাবি, প্রধান স্বাস্থ্য কর্মকর্তার অনুমতি নিয়ে গরু চরাচ্ছেন মো. রুবেল নামের স্থানীয় এক বাসিন্দা।
সরেজমিনে দেখা গেছে, উদ্যানের উত্তর দিকে কয়েকটি গরু চরে বেড়াচ্ছে। পূর্ব ও দক্ষিণ দিকে ছাগল চরে বেড়াচ্ছে। গরুর মল এবং আবর্জনা যত্রতত্র। এর মধ্যেই উদ্যানে হাঁটছেন নানা বয়সের নারী-পুরুষ।
প্রায় ১৫ একর জমির ওপর গড়ে ওঠে বঙ্গবন্ধু উদ্যান। একসময় এটি বেলস পার্ক হিসেবে পরিচিত ছিল। দেশ স্বাধীন হওয়ার পর এটির নামকরণ করা হয় বঙ্গবন্ধু উদ্যান। এই উদ্যানেই অনুষ্ঠিত হয় বড় বড় সমাবেশ। রয়েছে স্থায়ী একটি মঞ্চ। প্রধানমন্ত্রী বা বিরোধী দলের নেতার সমাবেশ এখানে হয়। ওই সময় উদ্যানটি উন্মুক্ত করে দেওয়া হয়।
উদ্যানে হাঁটতে আসা নাগরিক মো. আনসুর রহমান বলেন, ‘একসময় কোনো পাতা পর্যন্ত পড়তে পারত না। আর এখন সেখানে গরু-ছাগল চরে বেড়াচ্ছে। ময়লা-আবর্জনা পরিষ্কার হচ্ছে না। মনে হচ্ছে, দেখভাল করার কেউ নেই।’
আবুল বাসার নামের এক ব্যক্তি জানান, বরিশাল নগরের মধ্যে এত বড় মাঠ আর কোথাও নেই। এখানে হাঁটতে এসে মাঠে ঘাসের ওপর শুয়ে বসে গল্প-আড্ডা দেওয়া যেত। গরু-ছাগল চরার কারণে এখন বসার মতো অবস্থাও নষ্ট হয়ে যাচ্ছে।
গরু চরানো হচ্ছে কেন, জানতে চাইলে নিরাপত্তারক্ষী জালাল জমাদ্দার বলেন, ‘স্থানীয় বাসিন্দা মো. রুবেল গরু চরাচ্ছেন। শুনেছি, তিনি নাকি সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা মো. মতিউর রহমানের অনুমতি নিয়ে গরু চরাচ্ছেন। এ ব্যাপারে আমার কিছু করার নাই।’
সিটি করপোরেশন জানায়, সাবেক মেয়র শওকত হোসেন দায়িত্ব নেওয়ার পর ২০০৯ সালে বঙ্গবন্ধু উদ্যানের সৌন্দর্যবর্ধন করেন। ওই সময় উদ্যানের চারদিকে শোভাবর্ধক গাছ রোপণ করেন। চারদিকে দুটি করে হাঁটার পথ। উদ্যানের সৌন্দর্য রক্ষায় ওই সময় তিনি উদ্যানে গরু-ছাগল এবং মোটরসাইকেল চালানো নিষেধ করেন। যাতে গরু-ছাগল প্রবেশ করতে না পারে, তার জন্য চারদিক আটকে দেন। উদ্যানের মূল মাঠে প্রবেশের জন্য একটিমাত্র পথ উন্মুক্ত রাখেন। তবে পথচারীরা যাতে সহজে প্রবেশ করতে পারেন, তার জন্য উত্তর দিকে অসংখ্য ছোট ছোট পথ রয়েছে। কেবল একজন মানুষ ওই পথ দিয়ে প্রবেশ করতে পারে।
নাম প্রকাশ না করার শর্তে একজন নিরাপত্তারক্ষী জানান, মেয়রের ঘনিষ্ঠ একজন প্রভাব খাটিয়ে গরু চরাচ্ছেন। মেয়রের পরিচিত হওয়ায় তাঁকে কেউ কিছু বলতে সাহস পাচ্ছেন না।
প্রধান স্বাস্থ্য কর্মকর্তা মো. মতিউর রহমান বলেন, ‘সংরক্ষিত উদ্যানে গরু-ছাগল চরানোর কোনো ধরনের অনুমতি দেওয়া হয় নাই। উদ্যান রক্ষায় আমরা যথেষ্ট চেষ্টা করছি। কিন্তু দুই-একজন প্রভাবশালী লোকের কারণে সমস্যা হচ্ছে। এ ব্যাপারে করপোরেশন থেকে উদ্যোগ নেওয়া হবে।’