সংরক্ষিত এলাকায় নির্মিত নতুন ভবন ভাঙা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার প্যারিদাস রোডের ৫৮ নম্বরের সংরক্ষিত প্রাচীন বাড়িটি ভেঙে তোলা হয়েছিল সাততলা ভবন। শাস্তি হিসেবে গতকাল বুধবার রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ওই ভবনটির আংশিক ভেঙে দিয়েছে। মালিককে বাকি অংশ ভাঙার সুযোগ দেওয়া হয়। রাজউকের কর্মকর্তারা জানান, রাজধানীর বিভিন্ন স্থানের ৯৩টি সংরক্ষিত ভবন ছাড়াও সাতটি বিশেষ এলাকা সংরক্ষিত। সেদিক থেকে ওই সাতটি এলাকার সব ভবনই সংরক্ষিত। প্যারিদাস রোড এসব সংরক্ষিত এলাকার একটি। এখানকার ৫৮ নম্বর বাড়িটি ভেঙে নির্মাণ করা হয় সাততলা ভবন। নির্মাণের সময় রাজউক থেকে তিনবার নোটিশ দেওয়া হলেও বাড়ির মালিক তাতে কান দেননি। গত জানুয়ারির শেষ দিকে নিজ উদ্যোগে বাড়িটি ভাঙার জন্য তাঁকে এক মাস সময় দেওয়া হয়েছিল। গতকাল সকালে রাজউকের অভিযানকারী দল পুলিশ ও শ্রমিক নিয়ে ঘটনাস্থলে গেলে বাড়ির মালিক মো. সলিমুল্লাহ নতুন সাততলা বাড়িটির কথিত নকশা দেখান। রাজউকের কর্মকর্তারা পরীক্ষা করে দেখেন, ফটোকপি করা নকশাটি জাল। বাড়ির মালিক মূল নকশা দেখাতে ব্যর্থ হন। পরে শ্রমিকদের বাড়ি ভাঙার কাজে নামিয়ে দেওয়া হয়। এ সময় বাড়ির মালিক আরও সময় দিয়ে নিজ উদ্যোগে বাড়িটি ভাঙতে দেওয়ার অনুরোধ জানান। গতকাল বাড়িটির ওপর থেকে তিনটি তলার আটটি কলাম ভাঙা হয়। এ ছাড়া যন্ত্র দিয়ে ছাদের বড় অংশ ফুটো করে দেওয়া হয়। অভিযানে থাকা রাজউকের অথরাইজড কর্মকর্তা আমিনুর রহমান প্রথম আলোকে বলেন, মালিকসহ বসবাসকারী এবং প্রতিবেশীদের নিরাপত্তার কথা বিবেচনা করে অন্য তলাগুলো ভাঙা হয়নি।