সংরক্ষিত ওয়ার্ডের ১২ প্রার্থীর একজন এইচএসসি
নেত্রকোনার মোহনগঞ্জ পৌরসভার তিনটি সংরক্ষিত ওয়ার্ডের ১২ জন প্রার্থীর সবাই গৃহিণী। তাঁদের মধ্যে একজন সর্বোচ্চ এইচএসসি পাস। বাকিদের মধ্যে এসএসসি পাস রয়েছেন দুজন। উপজেলা নির্বাচন কার্যালয়ে জমা দেওয়া প্রার্থীদের হলফনামা থেকে এ তথ্য জানা গেছে।
হলফনামা থেকে জানা যায়, ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডে (সংরক্ষিত-১) পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁদের মধ্যে মারুফা খানম এইচএসসি পাস। বাকিদের মধ্যে কুলসুমা বেগম স্বশিক্ষিত, রুমা আক্তার পঞ্চম শ্রেণি, নাজমা ইসলাম ও রিনা আক্তার অষ্টম শ্রেণি পাস। ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের (সংরক্ষিত-২) চারজন প্রার্থীর মধ্যে লাইলী আরজুমান এসএসসি, জেসমিন আক্তার অষ্টম শ্রেণি, জয়নাহার বেগম স্বশিক্ষিত ও কল্পনা আক্তার স্বাক্ষরজ্ঞানসম্পন্ন। ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের (সংরক্ষিত-৩) হেলেনা আক্তার অষ্টম শ্রেণি, সুফিয়া বেগম পঞ্চম শ্রেণি ও মোসা. লাভলী স্বশিক্ষিত।
মোহনগঞ্জ পৌর শহরের চয়নিকা মহিলা পাঠাগারের সভানেত্রী তাহমিনা ছাত্তার বলেন, পৌরবাসীর নানা অধিকার আদায় করতে জনপ্রতিনিধিদের শিক্ষিত হওয়া একান্ত জরুরি। শিক্ষায় পিছিয়ে পড়া জনপ্রতিনিধির কাছ থেকে কাঙ্ক্ষিত সেবা শতভাগ আশা করা সম্ভব নয়।