সংরক্ষিত কাউন্সিলর পদে আ.লীগ সংখ্যাগরিষ্ঠ
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে সংরক্ষিত নারী ওয়ার্ড কাউন্সিলর পদে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীরা। উত্তরের ১২টি সংরক্ষিত ওয়ার্ডের মধ্যে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীরা সাতটিতে, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী একটিতে, বিএনপি-সমর্থিত প্রার্থী দুটিতে এবং জামায়াতে ইসলামী-সমর্থিত প্রার্থী দুটিতে জিতেছেন।
উত্তরে সংরক্ষিত কাউন্সিলর পদে আওয়ামী লীগ-সমর্থিত বিজয়ী প্রার্থীরা হলেন ১ নম্বর সংরক্ষিত ওয়ার্ডে শাহনাজ পারভীন মিতু, ৪ নম্বরে রাশিদা আক্তার ঝর্না, ৫ নম্বরে রাজিয়া সুলতানা ইতি, ৭ নম্বরে খালেদা বাহার বিউটি, ৯ নম্বরে নাজমুননাহার হেলেন, ১০ নম্বরে শামীমা রহমান এবং ১২ নম্বরে আলেয়া সারোয়ার ডেইজি।
৮ নম্বর ওয়ার্ডে জিতেছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আমেনা বেগম। বিএনপি-সমর্থিত বিজয়ীরা হলেন ২ নম্বর ওয়ার্ডে আমেনা খাতুন ও ৩ নম্বরে বেগম মেহেরুন্নেসা হক। এ ছাড়া ৬ নম্বর ও ১১ নম্বর সংরক্ষিত ওয়ার্ডে বিজয়ী হয়েছেন যথাক্রমে জামায়াত-সমর্থিত মাসুদা আক্তার ও কাওসার জাহান।
দক্ষিণের সংরক্ষিত কাউন্সিলর: দক্ষিণ সিটি করপোরেশনের ১৯টি সংরক্ষিত নারী ওয়ার্ড কাউন্সিলর পদের মধ্যে গতকাল বুধবার রাত সাড়ে ১০টা পর্যন্ত ১০টির ফলাফল পাওয়া গেছে। এগুলোতে আওয়ামী লীগ-সমর্থিত আটজন এবং বিএনপি-সমর্থিত দুজন বিজয়ী হয়েছেন। আওয়ামী লীগ-সমর্থিত বিজয়ীরা হলেন সংরক্ষিত ১ নম্বর ওয়ার্ডে ফাতেমা আক্তার ডলি, ৩ নম্বরে মিনু রহমান, ৬ নম্বরে নার্গিস মাহতাব, ১০ নম্বরে আসমা আক্তার রুনা, ১৩ নম্বরে রাশিদা পারভীন মনি, ১৪ নম্বরে লাভলী চৌধুরী, ১৬ নম্বরে নাসিমা আহমেদ ও ১৭ নম্বরে হেলেন আক্তার। বিএনপি-সমর্থিত বিজয়ীরা হলেন ১২ নম্বর ওয়ার্ডে সুরাইয়া বেগম ও ১৫ নম্বরে রাশেদা আক্তার রানী।