সংরক্ষিত থেকে সাধারণ কাউন্সিলর পদে যে কারণে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোজী ইসলাম কিশোরগঞ্জের ভৈরব পৌরসভার সংরক্ষিত (৪, ৫, ৬ নম্বর ওয়ার্ড) নারী আসনের একজন কাউন্সিলর। এবার তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন সাধারণ কাউন্সিলর পদে। সংরক্ষিত আসনের জনপ্রতিনিধি বলে সাধারণ কাউন্সিলরদের কাছ থেকে সহযোগিতা পাননি। করেত পারেননি কোনো উন্নয়ন কাজ। এই কারণে অভিমান ও ক্ষোভ থেকে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।
সাধারণ কাউন্সিলর পদে নির্বাচন করার কারণ জানতে চাইলে রোজী ইসলাম বলেন, ‘সরংক্ষিত আসনটি নারীদের আর সাধারণ কাউন্সিলর মানে পুরুষ—এমন ধারণা অনেকের। অথচ দুই ধরনের কাউন্সিলরকেই নির্বাচিত হয়ে আসতে হয়। সংরক্ষিত আসনের কাউন্সিলরদের প্রতি সাধারণ কাউন্সিলরদের দৃষ্টিভঙ্গি হলো, ভোটাররা যেন তাঁদের একটি আস্ত আর সংরক্ষিত আসনের কাউন্সিলরদের অর্ধেক করে ভোট দিয়ে বিজয়ী করে থাকেন।’ এ ছাড়া উপহাস করে তাঁদের বলা হয়, ‘তোমরা সংরক্ষিত। এই কথার মাধ্যমে সাধারণ কাউন্সিলররা বোঝাতেন সংরক্ষিত মানে হলো, কোনো জিনিস ঘরের কোনায় সংরক্ষণ করে রেখে দেওয়া। প্রয়োজন কোনা থেকে বের করে সামনে আনব, প্রয়োজন ফুড়িয়ে গেলে আবার সংরক্ষণ করে রেখে দেব।’
রোজী ইসলাম বলেন, তাঁদের টিআর প্রকল্পের বরাদ্দ দেওয়া হয় না। প্রকল্প গ্রহণের সময় জানানো হয় না। প্রতিটি মাসিক সভায় এসব নিয়ে তর্ক হলেও সংখ্যাগরিষ্ঠতার সুযোগ নিয়ে সাধারণ কাউন্সিলরা তাঁদের অবহেলার চোখেই দেখেন। তাঁদের সঙ্গে পরামর্শ করে এবং ৩০ ভাগ প্রকল্প দিয়ে প্রকল্প গ্রহণের কথা বলা থাকলেও পাঁচ বছরে তিনি টিআর প্রকল্পের এক টন খাদ্যশস্যও বরাদ্দ পাননি। অথচ সাধারণ কাউন্সিলরা অনেক কাজ করেছেন। এই কারণে ভোটারদের প্রত্যাশা পূরণ করতে পারেননি। শুধু দিনরাত স্বাক্ষর করেছেন।
রোজী ইসলামের অভিযোগের বিষয়ে মেয়র মো. শাহিন বলেন, কাজের ক্ষেত্রে সাধারণ কাউন্সিলদের সঙ্গে সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলদের কিছুটা দূরত্বতো আছেই। কোনো কোনো ক্ষেত্রে সমন্বয়হীনতা লক্ষ্য করা গেছে।
৫ নম্বর ওয়ার্ডের ভোটার রশিদ মিয়া বলেন, ‘সংরক্ষিত কাউন্সিলর বলে কিছু একটা আছে তা আমরা কেবল নির্বাচনের সময়ই টের পাই। পরে আর খুব বেশি মনে থাকে না।’
পৌর পরিষদে দুই শ্রেণির কাউন্সিলরদের দায়িত্ব ও ক্ষমতার বিষয়টি স্পষ্ট উল্লেখ থাকলে সমন্বয়হীনতা মাত্রা কমে আসবে বলে মনে করেন রফিকুল ইসলাম মহিলা কলেজের সমাজবিজ্ঞানের অধ্যাপক মোহাম্মদ শহীদুল্লাহ।