সংরক্ষিত নারী আসনে সরাসরি নির্বাচনের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে সরাসরি নির্বাচনের দাবি জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ। একই সঙ্গে ভবিষ্যতে ৩৩ শতাংশ নারী প্রার্থী মনোনয়নের দাবিও জানিয়েছে তারা। গতকাল বৃহস্পতিবার এসব দাবিসংবলিত একটি স্মারকলিপি তারা প্রধানমন্ত্রীকে দিয়েছে।
পরিষদের সভাপতি আয়শা খানম ও সাধারণ সম্পাদক মালেকা বানুর সই করা ওই স্মারকলিপিতে বলা হয়েছে, সংরক্ষিত নারী আসনে সরাসরি নির্বাচনের প্রথা চালু না থাকার কারণে এই আসনগুলোতে সাংসদেরা বৃহত্তর নারীসমাজের কাছে তাঁদের দায়বদ্ধতা ও জবাবদিহি উপলব্ধি করেন না। এ ছাড়া সাধারণ আসনে নির্বাচিত সাংসদ এবং সংরক্ষিত আসনে নির্বাচিত প্রার্থীদের মধ্যে পদ্ধতিগত কারণে সম্মান ও মর্যাদা প্রাপ্তির ঘাটতি থাকে।
স্মারকলিপিতে আরও বলা হয়, সংসদে ৩৩ শতাংশ নারী প্রতিনিধি না থাকলে শিক্ষা, কর্মসংস্থান, নারী উন্নয়ন নীতি বাস্তবায়ন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে কার্যকর প্রভাব বিস্তার করা নারী সাংসদদের পক্ষে সম্ভব হয় না। সরকার এবং রাজনৈতিক দলের সদিচ্ছাই এই দাবি বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখতে পারে।
তাই জাতীয় নারী নীতি ২০১১-এর আলোকে নারী আসনে সরাসরি নির্বাচন এবং আসনসংখ্যা ৩৩ শতাংশে উন্নীত করতে সংবিধানের ৬৫-এর ৩ অনুচ্ছেদে সংশোধনী আনার জন্য প্রধানমন্ত্রীর উদ্যোগ কামনা করা হয়।