সংরক্ষিত নারী কাউন্সিলর পদের সব প্রার্থীই নতুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটি পৌরসভা নির্বাচনে সংরক্ষিত তিনটি ওয়ার্ডের নারী কাউন্সিলর পদে যে সাতজন প্রতিদ্বন্দ্বিতা করছেন, তাঁদের কেউ আগে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেননি।

সংরক্ষিত নারী কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতাকারী সাত প্রার্থীই গৃহিণী। তাঁদের শিক্ষাগত যোগ্যতা অক্ষরজ্ঞানসম্পন্ন থেকে বিএ পাস পর্যন্ত। নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা থেকে এসব তথ্য জানা গেছে।

সংরক্ষিত কাউন্সিলর পদে ১ নম্বর ওয়ার্ডে আয়শা বেগম, রূপসী দাশ গুপ্ত ও সালেহা আক্তার; ২ নম্বর ওয়ার্ডে শ্যামলী ত্রিপুরা ও সোমা বেগম পূর্ণিমা; ৩ নম্বর ওয়ার্ডে জুবাইতুন নাহার ও মোহিতা চাকমা প্রতিদ্বন্দ্বিতা করছেন।

প্রার্থীদের মধ্যে সালেহা আক্তার বিএ পাস। আয়শা বেগম ও সোমা বেগম পূর্ণিমা স্বশিক্ষিত এবং জুবাইতুন নাহার অক্ষরজ্ঞানসম্পন্ন। এ ছাড়া রূপসী দাশ গুপ্ত ও শ্যামলী ত্রিপুরা এইচএসসি এবং মোহিতা চাকমা এসএসসি পাস।

প্রার্থীরা নিজেদের পরিচয় গৃহিণী বলে উল্লেখ করলেও সবার সুনির্দিষ্ট আয় আছে।বার্ষিক আয়ের ক্ষেত্রে কৃষি খাতে আয়শা বেগমের আয় ২ লাখ ৭০ হাজার টাকা, রূপসী দাশ গুপ্তর কৃষি খাতে ২ লাখ ৫০ হাজার, সালেহা আক্তারের ব্যবসায় ৩ লাখ ৩০ হাজার, শ্যামলী ত্রিপুরার বাড়ি, দোকান ও অন্যান্য ভাড়া বাবদ ৩৬ হাজার, সোমা বেগম পূর্ণিমার হস্তশিল্পে ৩ লাখ ৩০ হাজার, জুবাইতুন নাহারের কৃষি খাতে ২ লাখ ৭০ হাজার এবং মোহিতা চাকমার জায়গাজমি ক্রয়-বিক্রয় ও কাপড়ের ব্যবসা থেকে কমিশন বাবদ আয় তিন লাখ টাকা।