সংরক্ষিত নয়, সরাসরি নির্বাচনে লড়তে চান নারী জনপ্রতিনিধিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারীরা সংসার সামাল দিয়ে রাজনীতির মাঠেও সোচ্চার। দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে সরকারি বিভিন্ন দপ্তরে নারীরা দক্ষতার সঙ্গে কাজ করছেন। তারপরও স্থানীয় নির্বাচনে সংরক্ষিত আসন দিয়ে একধরনের বেষ্টনী তৈরি করা হয়েছে। তাই আর সংরক্ষিত নয়, সাধারণ নির্বাচনে পুরুষের সঙ্গে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করতে চান নারী জনপ্রতিনিধিরা।
গতকাল রোববার সিলেটে রাজনীতি ও সুশাসনে নারীবিষয়ক ‘অপরাজিতা’ সম্মেলনে অংশ নিয়ে নারী জনপ্রতিনিধিরা এ মতামত ব্যক্ত করেন। ‘প্রিপ ট্রাস্ট’ নামের একটি বেসরকারি সংস্থার ‘অপরাজিতা প্রকল্প’ ওই সম্মেলনের আয়োজন করে।
নগরের মির্জাজাঙ্গাল এলাকার একটি রেস্তোরাঁর সম্মেলন কক্ষে আয়োজিত সম্মেলনে সিলেট সিটি করপোরেশনসহ বিভাগের চার জেলার দুই শতাধিক নারী জনপ্রতিনিধি অংশ নেন। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশে প্রথম নারী বিভাগীয় কমিশনার সিলেটের মোছাম্মৎ নাজমানারা খানুম।
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পারভিন আক্তারের সভাপতিত্বে সম্মেলনে স্বাগত বক্তব্য দেন প্রিপ ট্রাস্টের নির্বাহী পরিচালক অ্যারোমা দত্ত। বক্তব্য দেন সিলেট জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা শাহিনা আক্তার, সিলেট কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক কৃষ্ণচন্দ্র হোড়, বিশ্বনাথ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নজরুল ইসলাম, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রুবি ফাতেমা বেগম, নগর মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সিটি করপোরেশনের সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর শাহানারা বেগম, বিশ্বনাথ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বেগম স্বপ্না শাহিন, সিলেট জেলা পরিষদের নারী সদস্য সুলতানা রুহি, কুলাউড়ার ইউনিয়ন পরিষদের সদস্য নাজমীন আক্তারসহ বিভিন্ন বেসরকারি সংস্থায় কর্মরত নারীরা।
সম্মেলনে নারী জনপ্রতিনিধিরা বলেন, নারীরা জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হলেও অনেক সময় তুচ্ছ-তাচ্ছিল্যের শিকার হতে হয়। শুনতে হয় সংরক্ষিত আসন থেকে নির্বাচিত হওয়ার বঞ্চনা। ইউনিয়ন পরিষদ, সিটি করপোরেশন, পৌরসভা ও জেলা পরিষদের ক্ষেত্রে পুরুষদের চেয়ে নির্বাচিত নারীদের কাজ বেশি উল্লেখ করে তাঁরা বলেন, একজন পুরুষ জনপ্রতিনিধির তুলনায় নারী জনপ্রতিনিধিকে একই সঙ্গে তিনটি ওয়ার্ডে অর্থাৎ তাঁদের চেয়ে তিন গুণ কাজ বেশি করতে হয়। এই তিন গুণ কাজের মূল্যায়নে সরাসরি নির্বাচন করার ইচ্ছার কথা তাঁরা ব্যক্ত করেন।
মোছাম্মৎ নাজমানারা খানুম বলেন, ‘১৮ বছর স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সহকারী পরিচালক হিসেবে মাঠে কাজ করেছি। এতে আপনাদের অনেকের সঙ্গে আমার দেখা হয়েছে, পরিচয় হয়েছে। এ থেকে আমি জানতে পেরেছি, পুঁথিগত বিদ্যা দিয়ে কেবল প্রশাসনের উচ্চপর্যায়ে পৌঁছানো যায়, নারীনেত্রী হয়ে নেতৃত্ব দেওয়া যায় না। নেতৃত্ব দিতে হলে মেধা, রাজনীতি, অর্থনীতি—সব ক্ষেত্রে সক্ষমতা অর্জন করতে হয়। দুই পা দিয়ে দৌড় না দিলে যেমন সামনের দিকে এগিয়ে যাওয়া যায় না, তেমনি পরিষদে গায়ের জোরে কিছু অর্জন করাও যায় না। যোগ্যতা আর কর্মনিষ্ঠা দিয়ে অধিকার আদায় করে নিতে হয়।’