সংরক্ষিত পার্কে বাণিজ্যিক স্টল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল নগরের সংরক্ষিত মুক্তিযোদ্ধা পার্কের গাছ কেটে বাণিজ্যিক স্টল নির্মাণ করার অনুমতি দেওয়া হয়েছে।
অভিযোগ উঠেছে, সিটি করপোরেশনের মেয়র আহসান হাবিব কামাল ও নগর বনায়ন শাখার দায়িত্বে থাকা কাউন্সিলর আক্তারুজ্জামান হিরুর নির্দেশে ওই স্টল নির্মাণ করা হয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, গত ৮ নভেম্বর কায়ছার ছিদ্দীকী ওরফে নিশাত নামের এক ব্যক্তি মুক্তিযোদ্ধা পার্কে স্টল নির্মাণের আবেদন করেন। তিনি মেয়রের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত। মেয়র স্টল নির্মাণের অনুমতি দেন। এরপর নগর বনায়ন শাখার চেয়ারম্যান আক্তারুজ্জামান লিখিতভাবে ১৫ দিন আগে অনুমতি দেন।
আক্তারুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘স্টল দেওয়ার আমি আসলে কেউ নই। মেয়র মহোদয় দোকান দেওয়ার নির্দেশ দিয়েছেন।’
সরেজমিনে দেখা গেছে, নগরের কীর্তনখোলা নদীর পাড়ে গড়ে ওঠা মুক্তিযোদ্ধা পার্কের উত্তর দিকে একটি স্টলের নির্মাণকাজ প্রায় শেষ হয়েছে। কেউ যাতে বিষয়টি বুঝতে না পারে, সে জন্য একটি ঝাউগাছের চারদিকে দেয়াল তুলে দেওয়া হয়। গতকাল রোববার ভোরে ঝাউগাছটি কেটে ফেলা হয়েছে।
মুক্তিযোদ্ধা পার্কের নৈশপ্রহরী মো. আমীর আলী বলেন, পার্কের মধ্যে বেশ কয়েক দিন ধরে একটি স্টল নির্মাণ করছিলেন কিছু লোক। জিজ্ঞেস করলে তাঁরা জানিয়েছেন, মেয়রের অনুমতি নিয়েই তাঁরা কাজ করছেন। গতকাল ফজরের আজানের পর তাঁরা স্টলের মধ্যে থাকা ঝাউগাছটি কাটতে শুরু করেন। তিনি বাধা দিলেও শোনেননি। বিষয়টি সিটি করপোরেশনকে জানানো হয়েছে।
দর্শনার্থী ফাতেমা বেগম বলেন, বরিশালে ঘুরে বেড়ানো বা বিনোদনের জন্য তেমন কোনো স্থান নেই। নদীর পাড়ে মুক্তিযোদ্ধা পার্কটির মধ্যে দোকান বসানো হলে পার্কের সৌন্দর্য থাকবে না।
বরিশাল নগর সৌন্দর্য রক্ষা আন্দোলনের সদস্য সচিব কাজী এনায়েত হোসেন প্রথম আলোকে বলেন, ‘পার্কের সৌন্দর্য নষ্ট করে স্টল নির্মাণের অনুমতি দেওয়া কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অবিলম্বে ওই স্থাপনা ভেঙে সরিয়ে নেওয়ার দাবি করছি।’
এ ব্যাপারে করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রণজিৎ কুমার প্রথম আলোকে বলেন, পার্কের মধ্যে স্টল বা দোকান দিলে তো পার্কের সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। ওখানে ভ্রাম্যমাণ দোকান চলতে পারে। কোনোভাবেই স্থায়ী দোকান দেওয়া যায় না। সিটি করপোরেশন থেকে দেওয়া হলে তাঁকে জানানোর কথা। কিন্তু তিনি এ বিষয়ে কিছুই জানেন না। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সিটি করপোরেশনের মেয়র আহসান হাবিব কামাল দেশের বাইরে থাকায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি।