সংরক্ষিত বনভূমিতে পান চাষের জন্য ঋণ বিতরণ!
কৃষিঋণ কমিটির সিদ্ধান্ত উপেক্ষা করে নিয়মবহির্ভূত উপায়ে কক্সবাজারের মহেশখালী উপজেলায় সংরক্ষিত বনভূমিতে পান চাষের জন্য সোনালী ব্যাংক ঋণ বিতরণ করেছে। সংরক্ষিত বনভূমিতে ঋণ বিতরণের নিয়ম নেই, এ-সংক্রান্ত নীতিমালা লঙ্ঘন করা হয়েছে। উৎকোচ নিয়ে ব্যাংকের মহেশখালী শাখার ব্যবস্থাপক আবুল বশর ১৫৯ জনের মধ্যে ওই ঋণ দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার পৌর এলাকা, কুতুবজোম, ছোট মহেশখালী ও বড় মহেশখালী ইউনিয়নের প্রকৃত পানচাষিদের মধ্যে ঋণ বিতরণের জন্য গত ফেব্রুয়ারিতে সোনালী ব্যাংকের মহেশখালী শাখায় প্রায় ৬৩ লাখ টাকা বরাদ্দ আসে। কিন্তু মাঠপর্যায়ে যাচাই-বাছাই না করেই সংরক্ষিত বনভূমিতে পান চাষের জন্য ১৫৯ জনকে প্রায় ৫৮ লাখ টাকা ঋণ দেওয়া হয়। কিন্তু ঋণ দেওয়ার আগেই পান চাষের উপযোগী জমি নির্ধারণ ও ওই জমির কাগজপত্র নিয়ে অথবা বর্গাচাষি হলে জমিদাতার কাছ থেকে প্রত্যয়নপত্র নিয়ে ঋণ পাওয়ার কথা থাকলেও এর কোনোটিই মানা হয়নি। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পান চাষের জন্য ঋণ বিতরণ নিয়ে ফেব্রুয়ারি ও মার্চে দুই দফা উপজেলা কৃষিঋণ কমিটির সভা হয়। সভায় সরকারি ১ নম্বর খাস খতিয়ান জমি ও সংরক্ষিত বনভূমিতে কাউকে ঋণ না দেওয়ার সিদ্ধান্ত হয় এবং মহেশখালী শাখার ব্যবস্থাপককে নির্দেশ দেওয়া হয়। কিন্তু ব্যবস্থাপক আবুল বশর এ সিদ্ধান্ত মানেননি। পরে ঋণ বিতরণের তালিকা নিয়ে উপসহকারী কৃষি কর্মকর্তারা কৃষি অফিসের সংশ্লিষ্ট ইউনিয়নে সরেজমিন তদন্ত করতে গিয়ে ঋণ বিতরণে অনিয়মের প্রমাণ পান। বড় মহেশখালী ইউনিয়নের বড়ডেইল এলাকার বাসিন্দা মোহাম্মদ মোস্তাক প্রথম আলোকে জানান, ঘুষ দিয়ে অনেকেই ঋণ পেয়েছেন। আর যাঁরা ঘুষ দিতে পারেননি, তাঁরা ঋণ পাননি। বড় মহেশখালী ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ কায়ছার উদ্দিন বলেন, গত মাসে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নির্দেশে মাঠপর্যায়ে তদন্ত করে মাত্র ছয়জনকে বৈধভাবে ঋণ দেওয়ার প্রমাণ পাওয়া যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নিতে ইউএনওর কাছে প্রতিবেদন দাখিল করা হয়েছে। উপজেলা কৃষিঋণ কমিটির সদস্যসচিব ও কৃষি ব্যাংক গোরকঘাটা শাখার ব্যবস্থাপক নুরুল ইসলাম বলেন, উপজেলা কৃষিঋণ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ঋণ না দেওয়ার জন্য সোনালী ব্যাংকের মহেশখালী শাখার ব্যবস্থাপককে বেশ কয়েকবার বলা হলেও তিনি তা অমান্য করেন। এ ছাড়া যে ব্যক্তির নামে ঋণ দেবেন, ওই ব্যক্তির আরও কৃষিঋণ বা অন্যান্য ঋণ আছে কি না, তা পার্শ্ববর্তী ব্যাংক থেকে প্রত্যয়নপত্রসহ যাচাই-বাছাই করার কথা। কিন্তু সেটাও করা হয়নি।উৎকোচ গ্রহণের অভিযোগ অস্বীকার করে মহেশখালী শাখার ব্যবস্থাপক আবুল বশর প্রথম আলোকে বলেন, মাঠপর্যায়ে যাচাই-বাছাই করে ১৬৫ জন প্রকৃত পানচাষির মধ্যে ৬২ লাখ টাকা বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষিঋণ কমিটির সভাপতি ও ইউএনও এ টি এম কাউসার বলেন, নীতিমালা লঙ্ঘন করে সরকারি জমি ও বন বিভাগের সংরক্ষিত বনভূমিতে পান চাষের জন্য সোনালী ব্যাংক ঋণ দিয়েছে। এ ছাড়া মাঠপর্যায়ে তদন্ত করে ১৬৫ জনের মধ্যে ১৫৯ জনকে নিয়মবহির্ভূতভাবে ঋণ দেওয়ার সত্যতা মিলেছে। তাই ব্যবস্থাপক আবুল বশরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে শিগগিরই জেলা কৃষিঋণ কমিটির সভাপতি ও জেলা প্রশাসকের কাছে প্রতিবেদন পাঠানো হবে।