সংরক্ষিত বনাঞ্চল উজাড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালীতে সংরক্ষিত বনাঞ্চল উজাড় হয়ে যাচ্ছে। স্থানীয় বনদস্যুরা নির্বিচারে গাছ কেটে লুট করলেও বন বিভাগ কিছুই করতে পারছে না। উল্টো বন বিভাগের কিছু কর্মকর্তা-কর্মচারী এ ব্যাপারে রহস্যজনক ভূমিকা পালন করছে বলে অভিযোগ পাওয়া গেছে। খোঁজ নিয়ে জানা গেছে, দীর্ঘদিন ধরে উপজেলার বড় মহেশখালী, হোয়ানক, কালারমারছড়া, শাপলাপুর ও ছোট মহেশখালী ইউনিয়নে বন বিভাগের পাঁচটি বিটের আওতাধীন বনাঞ্চল থেকে গাছ কেটে রাতে মহেশখালী চ্যানেল দিয়ে বাইরে পাচার করছে বনদস্যুরা। গত এক মাসে বনদস্যু ও বনকর্মীদের মধ্যে তিনবার বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। এ সময় প্রায় ৫০০ ফুট সরকারি বাগানের গাছ উদ্ধার করা হয়েছে। লোকবল সংকটের কারণে বনদস্যুদের হাত থেকে বনাঞ্চল রক্ষা করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন মুদিরছড়া বিট কর্মকর্তা ম্যাকলেট চাকমা। গত মঙ্গলবার সরেজমিনে দেখা গেছে, ছোট মহেশখালী ইউনিয়নের মুদিরছড়া বিটের আওতায় কড়াইবনিয়া বনাঞ্চল থেকে শতাধিক গাছ কেটে নিয়ে গেছে বনদস্যুরা। আর অনেক গাছ কাটা অবস্থায় পাহাড়ের ঢালুতে পড়ে রয়েছে। মিথিয়ারছড়া বাগানের অবস্থা আরও করুণ। ইতিমধ্যে মিথিয়ারছড়া বনাঞ্চল থেকে সেগুন, গর্জনসহ বিভিন্ন প্রজাতির পাঁচ শতাধিক গাছ বনদস্যুরা উজাড় করেছে।দিনেশপুর বিট অফিসের একমাত্র বন প্রহরী আবদুল মান্নান প্রথম আলোকে বলেন, একজন লোক দিয়ে প্রায় তিন হাজার একর বনাঞ্চল রক্ষা করা কীভাবে সম্ভব। একদিকে পাহারা দিতে গেলে অন্যদিকে বনদস্যুরা গাছ কাটার চেষ্টা করে। তারপরও জীবনের ঝুঁকি নিয়ে তিনি বনাঞ্চল রক্ষা করার জন্য চেষ্টা করছেন। একই কথা বললেন মুদিরছড়া বিট অফিসের বনপ্রহরী শাহ আলম। বন বিভাগের মহেশখালী রেঞ্জ কর্মকর্তার দায়িত্বরত মোহাম্মদ জাহাঙ্গীর ইকবাল জানান, উপকূলীয় বন বিভাগ মহেশখালী রেঞ্জের পাঁচটি বিট অফিসে ৫০ জন লোকবল থাকার কথা থাকলেও আছে মাত্র ২০ জন। তার মধ্যে বনপ্রহরী মাত্র আটজন। এ কারণে ১২ হাজার একর বনাঞ্চল পাহারা দিতে হিমশিম খেতে হচ্ছে। তিনি বলেন, বনাঞ্চল রক্ষা করতে হলে জরুরি ভিত্তিতে লোকবল নিয়োগ দেওয়া দরকার।