সংরক্ষিত বনাঞ্চল থেকে শতাধিক বসতি উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার জেলা প্রশাসনের যৌথ অভিযানে চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ছাইরাখালী, হাসিনাপাড়া ও মালুমঘাট ষ্টেশনের সংরক্ষিত বনাঞ্চলে গড়ে ওঠা অন্তত শতাধিক দোকান ও বসতঘর উচ্ছেদ করা হয়েছে।
গতকাল রোববার বেলা ১১টা থেকে বিকেল চারটা পর্যন্ত জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনোয়ার হোসেনের নেতৃত্বে দেড় শতাধিক পুলিশ, আনসার, বনকর্মী ও ভিলেজাররা এ অভিযান চালান। এ সময় উপস্থিত ছিলেন কক্সবাজার উত্তর বন বিভাগের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. আসলাম মজুমদার, সহকারী বন সংরক্ষক (সদর) মোহাম্মদ হোসেন, ফুলছড়ি রেঞ্জ কর্মকর্তা ভুপেস চন্দ্র মুখার্জি, ফাঁসিয়াখালী বনবিট কর্মকর্তা আবদুল মোতালেব, ডুলাহাজারা বনবিট কর্মকর্তা মো, মামুন মিয়া, কাকারা বনবিট কর্মকর্তা মো. রুহুল আমিন।
গতকাল সরেজমিন দেখা যায়, কক্সবাজার উত্তর বন বিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জের ডুলাহাজারা বনবিটের হাসিনাপাড়া ও মালুমঘাট স্টেশন এলাকায় সংরক্ষিত বনাঞ্চলে অন্তত ৯২টি বসতি ও দোকানপাট নির্মাণ করা হয়েছে। যৌথ অভিযানে এসব স্থাপনা উচ্ছেদ করা হয়।
এদিকে ফাঁসিয়াখালী বনবিটের ছাইরাখালী এলাকায় ক্ষমতাসীন আওয়ামী লীগের লোকজন টিনের চালা দিয়ে আটটি ঘর নির্মাণ করে সংরক্ষিত বনের অন্তত ১ একর জায়গা দখল করে। সম্প্রতি এসব বনভূমি উদ্ধার করতে গিয়ে বনকর্মীরা হামলার শিকার হন। গতকাল রোববার বেলা ১১টায় সেখানে যৌথ অভিযান চালিয়ে ঘরগুলো গুঁড়িয়ে দেওয়া হয়। তবে ওই সময় ক্ষমতাসীন দলের লোকজনকে খুঁজে পাওয়া যায়নি।
ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা খান হাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, কিছু ব্যক্তি ক্ষমতাসীন দলের প্রভাব খাটিয়ে সংরক্ষিত বনের জায়গায় বসতি নির্মাণ করেছিল। যৌথ অভিযানে এসব বসতি উচ্ছেদ করা হয়েছে।
কক্সবাজার উত্তর বন বিভাগের সহকারী বন সংরক্ষক মো. আসলাম মজুমদার বলেন, সংরক্ষিত বনভূমি উদ্ধারে এ অভিযান অব্যাহত থাকবে।