সংরক্ষিত বনাঞ্চলে দুই মাসে তিন শতাধিক বসতি স্থাপন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের পেকুয়া উপজেলার বারবাকিয়া রেঞ্জের আওতাধীন তিনটি বন বিটের সংরক্ষিত বনাঞ্চলে দুই মাসে তিন শতাধিক অবৈধ বসতি স্থাপন করা হয়েছে। এর সঙ্গে বন বিভাগের কিছু কর্মকর্তা জড়িত থাকার অভিযোগ উঠেছে।
সরেজমিনে দেখা গেছে, চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বারবাকিয়া রেঞ্জের আওতায় বারবাকিয়া বন বিটের সংরক্ষিত বনাঞ্চলের লাইনের শিরা এলাকায় গত দুই মাসে আটটি বসতঘর তৈরি করা হয়েছে। একটি ঘর বসাতে বনপ্রহরী মোহাম্মদ সুমনের মাধ্যমে বন কর্মকর্তারা নিয়েছেন পাঁচ থেকে ১০ হাজার টাকা। একইভাবে পূর্ব ভারুয়াখালী এলাকায়ও দুটি ঘর বসানো হয়েছে ১০ হাজার টাকার বিনিময়ে।
বনপ্রহরী মোহাম্মদ সুমন অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি যোগদান করার আগে এ রকম কিছু ঘটনা ঘটেছে। যেসব ঘর এখন বসানো হচ্ছে, আমরা ভিলেজার নিয়ে ভেঙে দিচ্ছি। এতে যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তারাই এসব অভিযোগ করে।’
লাইনের শিরা এলাকা ছাড়াও একইভাবে আবাদি ঘোনা, সবুজ পাড়া, কাট্টবরো শিরা, আগর বাগান, আরগিলার দারা, লম্বা শিরা, বড় চড়া, ছনখোলার জুম, সংগ্রামের জুম ২০০৬, ২০০৮ ও ২০০৯ সালের সামাজিক বনায়ন, টৈটং বন বিটের বটতলী, খুইন্যা ভিটা, ডাইনের ছড়া, মধুখালী, বনকানন, পুইছড়ির টিলা, বড় জিরি এবং ২০০৬ সালের সামাজিক বনায়ন এলাকায় গত দুই মাসে তিন শতাধিক অবৈধ বসতি স্থাপন করা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক ২০০৬ সালের সামাজিক বনায়নের দুজন উপকারভোগী বলেন, বনাঞ্চলে বসতি স্থাপনে রেঞ্জ কর্মকর্তা উত্তম কুমার পালসহ এক বনপ্রহরী ও হেডম্যান জড়িত। টাকার বিনিময়ে তাঁরাই বসতি স্থাপনে সহযোগিতা করছেন। তবে বারবাকিয়া বন বিট কর্মকর্তা মো. লিয়াকত হোসেন বলেন, গত দুই মাসে সংরক্ষিত বনাঞ্চল থেকে ১০ থেকে ১২টি বসতঘর উচ্ছেদ করা হয়েছে। এ ছাড়া অবৈধ দখলদারদের বিরুদ্ধে আট থেকে দশটি মামলা দেওয়া হয়েছে। লিয়াকত হোসেন আরও বলেন, ‘অবৈধ বসতি স্থাপনে আমি জড়িত নই। আর কেউ জড়িত থাকলে তা আমার জানা নেই।’ বারবাকিয়া রেঞ্জ কর্মকর্তা উত্তম কুমার পাল বনাঞ্চলে বসতি স্থাপনে তাঁর সংশ্লিষ্টতা নেই জানিয়ে বলেন, বসতি স্থাপনের খবর পেলেই তা ভেঙে দেওয়া হচ্ছে। এখন যেসব ঘর রয়েছে, তা অনেক পুরোনো বলেও দাবি করেন তিনি।