সংরক্ষিত বনাঞ্চলে ৫৩ অবৈধ করাতকল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের ফটিকছড়ির সংরক্ষিত বনাঞ্চলে রয়েছে ৫৩টি অবৈধ করাতকল। যেখানে প্রতিনিয়ত চলছে বনের কাঠ চিরাই। অথচ এসব করাতকল নিয়ে বন বিভাগ নীরব ভূমিকা পালন করছে। বন বিভাগ সূত্র জানায়, সংরক্ষিত বনাঞ্চলের ১০ কিলোমিটারের মধ্যে করাতকল বসানোর নিয়ম নেই। অথচ ফটিকছড়িতে ৫৩টি করাতকল বসানো হয়েছে বনাঞ্চলের ভেতর। এগুলোর বৈধ কোনো কাগজপত্র নেই। অনুমোদন ছাড়াই প্রভাবশালী ব্যক্তিরা এসব করাতকল বসিয়ে ব্যবসা করছেন।
উপজেলা প্রশাসনের তথ্যমতে, উপজেলার ১৮টি ইউনিয়ন এবং একটি পৌরসভায় করাতকলের সংখ্যা ৯৬টি। এর মধ্যে সংরক্ষিত বনাঞ্চলেই রয়েছে ৫৩টি। এগুলো হলো বাগানবাজার ইউনিয়নে ১০টি, দাঁতমারায় তিনটি, নারায়ণহাটে চারটি, ভূজপুরে পাঁচটি, হারুয়ালছড়িতে একটি, পাইন্দংয়ে সাতটি, কাঞ্চননগরে ১১টি, লেলাংয়ে সাতটি ও নানুপুরে পাঁচটি; যা উত্তর বন বিভাগের সংরক্ষিত বনাঞ্চলের সম্পূর্ণ ভেতরে।
নারায়ণহাট ইউনিয়নের চেয়ারম্যান আবু জাফর মাহমুদ জানান, ‘করাতকলগুলোতে রাত-দিন চিরাই চলছে বনের গাছ। বনাঞ্চল থেকে গাছ চোরেরা বিভিন্ন প্রজাতির গাছ করাতকলগুলোতে মজুত করে। পরে কাঠ বানিয়ে পাচার করে চট্টগ্রামের বিভিন্ন এলাকায়। এ বিষয়গুলো সমন্বয় সভায়ও বলেছি।’ সরেজমিনে দেখা যায়, প্রতিটি করাতকলে কাঠের স্তূপ। যেখানে সেগুন, গামারি, গর্জন, আকাশমণি, কাঁঠালসহ ফলদ ও বনজ গাছ রয়েছে। ব্যবসায়ীরা জানান, প্রতিটি করাতকলে ৮-১০ হাজার ঘনফুট কাঠ মজুত রয়েছে; যেগুলোর বাজারমূল্য কোটি টাকার বেশি।
কাজীরহাটের এক করাতকলের মালিক মোহাম্মদ শফি বলেন, ‘চিরাই করার জন্য গাছগুলো মজুত করেন ব্যবসায়ীরা। পাচারও করেন তাঁরা। এতে আমাদের হাত নেই। তবে করাতকলের কাগজপত্র না থাকার সত্যতা স্বীকার করেন তিনি।’ নারায়ণহাটের এক করাতকলের মালিক আবুল কালাম বলেন, ‘পৌরসভা ও কয়েকটি ইউনিয়ন ছাড়া বেশির ভাগ জায়গা সংরক্ষিত বনাঞ্চলের আওতায়। ফলে বন বিভাগ এসব এলাকায় করাতকল বসানোর অনুমোদন দেয় না। অনুমোদন ছাড়াই বেশির ভাগ করাতকল চলছে। এ জন্য বন বিভাগসহ অনেককে মাসোহারা দিতে হয়।’
উপজেলার হাসনাবাদের রেঞ্জার শহীদুল আলম বলেন, ‘বেশির ভাগ এলাকায় বসানো করাতকলগুলো বনের ভেতর। বাইরের কয়েকটি উচ্চ আদালতের নির্দেশে চলছে। ক্ষমতাবানেরাই বসিয়েছেন এসব করাতকল। ফলে আমরা চাইলেও এসব বন্ধ করতে পারি না।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম বলেন, বনাঞ্চলের বাইরে থাকা করাতকলগুলোর বেশির ভাগ অবৈধ। এসব করাতকলের বিরুদ্ধে শিগগিরই অভিযান পরিচালনা করা হবে।’