সংরক্ষিত বনাঞ্চলের পাহাড় কেটে ইটভাটা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের রাঙ্গুনিয়া রেঞ্জের সরফভাটা মীরেরখীল এলাকায় সংরক্ষিত বনাঞ্চলের পাহাড় কেটে ইটভাটা তৈরি করা হচ্ছে। রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সদস্য মজিবুল ইসলাম সরফি এবং আওয়ামী লীগ নামধারী আরও তিন ব্যক্তি শতাধিক শ্রমিক দিয়ে এই ইটভাটা তৈরির কাজ করাচ্ছেন। পাহাড় কাটায় বাধা দেওয়ায় তাঁরা বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের কেটে কর্ণফুলী নদীতে ভাসিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় একাধিক সূত্র জানায়, মজিবুল ইসলাম সরফি, আওয়ামী লীগের কর্মী জসিম উদ্দিন, শওকত ও সেলিম এ বছর আগস্টের মাঝামাঝি সময় থেকে সরফভাটা ইউনিয়নের মীরেরখীল গ্রামের দক্ষিণপাড়া এলাকায় পাহাড় কেটে ইটভাটা তৈরির কাজ শুরু করেন। এলাকাটি চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের সংরক্ষিত এলাকা হিসেবে পরিচিত। বন বিভাগ সূত্র জানায়, পরিবেশ ও বন আইনে সংরক্ষিত বনাঞ্চলের পাঁচ কিলোমিটারের মধ্যে ইটভাটা স্থাপনের নিয়ম না থাকলেও মজিবুল ইসলাম সরফি প্রভাব বিস্তার করে পাহাড় কেটে ইটভাটা তৈরির কাজ চালিয়ে যাচ্ছেন। ইটভাটা তৈরির জন্য তাঁরা পাহাড়ের বিভিন্ন প্রজাতির দুই শতাধিক গাছের চারা কেটে ফেলেছেন। সরেজমিনে দেখা যায়, এলাকার দক্ষিণ, পশ্চিম ও পূর্ব পাশের পাহাড় কেটে ইটভাটার চুল্লির জন্য প্রায় চার একর ভূমি সমতল করে ফেলা হয়েছে। দক্ষিণ পাশের পাহাড় কেটে ইটভাটা-শ্রমিকদের বসবাসের জন্য বিশাল ঘর নির্মাণ করা হয়েছে। পশ্চিম পাশে পাহাড় কেটে ইট তৈরির জন্য মাটি সংগ্রহ করে রাখা হয়েছে। এলাকাবাসী জানান, মজিবুল ইসলাম সরফি অস্ত্র মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত। গ্রেপ্তার এড়াতে তিনি একসময় মধ্যপ্রাচ্যে পালিয়ে যান। চলতি বছরের মার্চে উচ্চ আদালত থেকে তিনি জামিন পান। ইটভাটা তৈরির সময় পাহাড় কাটায় বাধা দেওয়ায় তাঁরা বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের কেটে কর্ণফুলী নদীতে ভাসিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন। চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের রাঙ্গুনিয়া রেঞ্জের চিরিঙ্গা বিট কর্মকর্তা আবদুল গণি তাঁদের কেটে নদীতে ভাসিয়ে দেওয়ার হুমকির দেওয়া হয়েছে বলে জানান। তিনি বলেন, ‘সংরক্ষিত বনাঞ্চলের পাহাড় কেটে ইটভাটা নির্মাণে জড়িত ব্যক্তিরা খুবই ভয়ংকর ও প্রভাবশালী। ফলে বন বিভাগ তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সাহস করছে না।’ চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের রাঙ্গুনিয়া রেঞ্জ কর্মকর্তা আবদুল মান্নান বলেন, ইটভাটা তৈরির স্থলের সব ভূমি বন বিভাগের নয়। সেখানে ইটভাটা নির্মাণকারীদের বন্দোবস্ত পাওয়া কিছু জমি রয়েছে। তবে পাহাড় কাটার কাজে বাধা দেওয়া হয়েছে। বাধা উপেক্ষা করে তাঁরা ইটভাটা করছেন। এর বেশি কিছু বলতে তিনি অনীহা প্রকাশ করেন। এদিকে গত ১৯ সেপ্টেম্বর মুঠোফোনে যোগাযোগ করা হলে মজিবুল ইসলাম সরফি ওই ইটভাটা তাঁর বলে স্বীকার করেন। তবে গত সোমবার অভিযোগের ব্যাপারে বক্তব্য জানতে মজিবুল ইসলাম সরফিকে ফোন করলে তিনি ফোন ধরেননি। অভিযুক্ত অন্য তিনজনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁদের পাওয়া যায়নি। চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের সহকারী বন সংরক্ষক মাকসুদ আলম বলেন, ‘সংরক্ষিত বনাঞ্চলের পাহাড় কেটে ইটভাটা তৈরির বিষয়ে আমি অবগত নই। খোঁজ নিয়ে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আজম সিদ্দিকী বলেন, ‘পাহাড় কেটে ইটভাটা তৈরির কথা আমি শুনেছি। ইটভাটার জন্য পাহাড় কাটায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’