সংরক্ষিত বনাঞ্চলের ৩৯টি প্রাথমিক বিদ্যালয় নিবন্ধন করা যাচ্ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একমাত্র ভূমি ছাড়া সব সরকারি শর্ত পূরণ হলেও রাঙামাটি জেলার চারটি উপজেলার ৩৯টি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধন করা যাচ্ছে না। সরকারি সংরক্ষিত বনাঞ্চল এলাকায় অবস্থিত এসব বিদ্যালয়ে আদিবাসী জনগোষ্ঠীর প্রায় ছয় হাজার শিশু পড়াশোনা করে।গতকাল বৃহস্পতিবার রাঙামাটি শহরের রাজবাড়ী এলাকার আশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় এ তথ্য প্রকাশ করা হয়। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপির) সহযোগিতায় বেসরকারি সংস্থা স্ট্র্যাটেজিক অ্যাকশন সোসাইটি (সাস) ‘পার্বত্য চট্টগ্রামের বনভূমি এলাকায় বিদ্যালয় নিবন্ধনের সমস্যা ও উত্তরণের উপায়’ শীর্ষক এই কর্মশালার আয়োজন করে।যোগাযোগ করা হলে বন বিভাগের রাঙামাটি সার্কেলের বন সংরক্ষক (সিএফ) মো. শফিউল আলম চৌধুরী বলেন, কোনো প্রতিষ্ঠানকে ভূমি দেওয়ার এখতিয়ার বন বিভাগের নেই। কোনো প্রতিষ্ঠানকে ভূমি দেওয়ার আগে ওই ভূমিকে ডি-ফরেস্ট ঘোষণা করতে হবে। তা করতে বন ও পরিবেশ মন্ত্রণালয় বা প্রধানমন্ত্রীর সচিবালয়ের অনুমতি প্রয়োজন বলে তিনি জানান।কর্মশালায় উদ্বেগ প্রকাশ করে বলা হয়, সংরক্ষিত বনে বসবাসকারী আদিবাসী প্রান্তিক জনগোষ্ঠীর শিশুদের শিক্ষাদানের ক্ষেত্রে বড় বাধা সরকারের বন আইন। এ অবস্থা চলতে থাকলে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা পূরণের কার্যক্রম শিক্ষা ক্ষেত্রে মুখ থুবড়ে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করা হয়। ইউএনডিপির পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন সহায়তা প্রকল্পের আর্থিক সহায়তায় এসব বিদ্যালয় পরিচালিত হচ্ছে। ২০১৩ সালে এই প্রকল্পের কার্যক্রম শেষ হবে। এ সময়ের মধ্যে বিদ্যালয়গুলোর অস্তিত্ব টিকিয়ে রাখা ও মানসম্পন্ন শিক্ষার জন্য নিবন্ধনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়।কর্মশালায় বিলাইছড়ি উপজেলার রেংখ্যং সংরক্ষিত বনাঞ্চল এলাকার লতাপাহাড় বেসরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রামলিয়ানা পাংখোয়া বলেন, এলাকাবাসীর উৎসাহে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হলেও সরকারি সহায়তা ছাড়া দীর্ঘদিন এটি পরিচালনা করা সম্ভব নয়।পাল্পউড বন বিভাগের আওতাধীন রাজস্থলী উপজেলার ধনুছড়ি মৌজার ঝিংম্রং বেসরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অংকউ খিয়াং জানান, সরকারি নিবন্ধনের জন্য ৩০ শতাংশ ভূমি পেতে বন বিভাগের বিভিন্ন পর্যায়ে যোগাযোগ করে কোনো সুনির্দিষ্ট আশ্বাস পাওয়া যায়নি।কর্মশালার প্রধান অতিথি বিলাইছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়সেন তঞ্চঙ্গ্যা বলেন, পার্বত্য চট্টগ্রামের সংরক্ষিত বনাঞ্চলে বসবাসকারী শিশুরা শিক্ষার অধিকার থেকে বঞ্চিত রয়েছে।রাঙামাটি জেলা শিক্ষা কর্মকর্তা (ডিপিইও) এ কে এম রিয়াজ উদ্দিন বলেন, সরকার পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত এলাকার দরিদ্র জনগোষ্ঠীর শিশুদের শিক্ষা লাভের সুযোগ করে দিতে প্রাথমিক বিদ্যালয়ের সরকারি নিবন্ধনের শর্ত বহু ক্ষেত্রে শিথিল করেছে। তবে ভূমির বিষয়টি শিথিল করেনি। তাই অনেক বিদ্যালয় নিবন্ধনের সব শর্ত পূরণ করেও শুধু ভূমির বিষয়টির কারণে নিবন্ধন করা যাচ্ছে না।কর্মশালায় অন্যান্যের মধ্যে অংশ নেন বিলাইছড়ি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অমর কুমার তঞ্চঙ্গ্যা, ইউএনডিপির কর্মসূচি কর্মকর্তা মোজাম্মেল হক, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মনিটরিং কর্মকর্তা পলাশ খীসা, বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মুশফিকুর রহমান, হেডম্যান শান্তি বিকাশ চাকমা ছাড়াও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, বিভিন্ন বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য।