সংরক্ষিত বনে কাঠ পাচারকারীদের রাস্তা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের রামু উপজেলার রাজারকুল বন বিভাগের আপাররেজু বিটের সংরক্ষিত বনের রাস্তা দিয়ে পাচারকারীরা নিরাপদে ট্রাকে করে বনের গাছ পাচার করছে বলে অভিযোগ উঠেছে।স্থানীয় সূত্রে জানা গেছে, রামুর খুনিয়াপালং ইউনিয়নের কালুর দোকান এলাকা থেকে প্রায় চার কিলোমিটার পূর্বে নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়ন। এরই মাঝখানে রামুর সংরক্ষিত বনাঞ্চল। নাইক্ষ্যংছড়ি দূরে হওয়ায় সোনাইছড়ির লোকজন রামু থেকেই বাজার-সওদা করে। এ জন্য তারা সংরক্ষিত বনের বাইরের প্রায় সাড়ে পাঁচ কিলোমিটার দীর্ঘ পঞ্জেখানা-ভগবানটিলা পাহাড়ি রাস্তা দিয়ে হেঁটে চলাচল করে। কিন্তু ১৯৯৫-৯৬ সালের দিকে লোকজন আপাররেজু সংরক্ষিত বনের ভেতর দিয়ে চলাচল শুরু করে। এ পথের দৈর্ঘ্য প্রায় চার কিলোমিটার।খুনিয়াপালং ও সোনাইছড়ির বাসিন্দারা জানায়, শুষ্ক মৌসুম এলেই বন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে আঁতাত করে চোরাকারবারিরা পাহাড় ও গাছগাছালি কেটে কালুর দোকান-সোনাইছড়ি রাস্তাটি ট্রাক চলাচলের উপযোগী করে। এই রাস্তা দিয়েই চোরাকারবারিরা বনের কাঠ ও সোনাইছড়ির বিভিন্ন পাহাড়ি ঝিরি ও খাল থেকে তোলা পাথর বিভিন্ন স্থানে পাচার করে। বিশেষ করে সোনাইছড়ির পাঁচটি ও রামুর ৩০টি ইটভাটায় পোড়ানোর জন্য তারা কাঠ পাচার করে।গত ৩ ফেব্রুয়ারি সরেজমিনে দেখা গেছে, সংরক্ষিত বনের কয়েক হাজার গাছ এবং অন্তত ১০টি স্থানে পাহাড় কেটে কালুর দোকান-সোনাইছড়ি রাস্তাটি ট্রাক চলাচলের উপযোগী করা হয়েছে। ওই সময় এ রাস্তা দিয়ে কাঠবোঝাই কয়েকটি ট্রাক চলাচল করতেও দেখা যায়। এ ছাড়া বনের ভেতর পাহাড় কেটে তৈরি করা আরেকটি পথে একটি পিকআপকে বনের আরও গভীরে যেতে দেখা গেছে। নাম প্রাকাশ না করার শর্তে স্থানীয় একজন জনপ্রতিনিধি জানান, প্রতিবছর শুষ্ক মৌসুম এলেই আপাররেজু সংরক্ষিত বন থেকে জ্বালানিকাঠ কাটার এবং সোনাইছড়ি থেকে পাথর উত্তোলনের মহোৎসব শুরু হয়। আর এ রাস্তা দিয়েই সেগুলো নাইক্ষ্যংছড়ি, রামু ও কক্সবাজারের বিভিন্ন স্থানে পাচার করা হয়। পাচারকারীরা এটিকে নিরাপদ পথ হিসেবে ব্যবহার করছে।বন বিভাগের আপাররেজু বিট কর্মকর্তা ফখরুদ্দিন মজুমদার জানান, জনগণের চলাচলের সুবিধার জন্য রাস্তাটি বন্ধ করা হচ্ছে না। ট্রাক যাতে চলতে না পারে সে জন্য কয়েক দিন পরপর ছড়াগুলো কেটে দেওয়া হয়। এ ছাড়া বনের গাছ পাচার রোধে কড়া পাহারা আছে। রাজারকুল বন বিভাগের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মেহেদী উজ জামান জানান, বনের কাছাকাছি কিছু ঘরবাড়ি থাকায় এবং তাদের চলাচলের বিকল্প কোনো রাস্তা না থাকায় এটি খোলা রাখা হয়েছে। তা ছাড়া টহলের সময় রাস্তাটি বনকর্মীদেরও ব্যবহার করতে হয়। এ সড়ক দিয়ে কাঠ ও পাথর পাচারের অভিযোগের বিষয়ে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে। রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং উপজেলা বন ও পরিবেশ সংরক্ষণ কমিটির সভাপতি শহীদ মোহাম্মদ ছাইদুল হক জানান, নীতিমালা অনুযায়ী সংরক্ষিত বনের মধ্য দিয়ে কোনো সড়ক থাকতেই পারে না। এ বিষয়ে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।