সংরক্ষিত বনে তামাক চাষ হুমকিতে বন্য প্রাণীর আবাস
কক্সবাজারের চকরিয়ায় সংরক্ষিত বনের জায়গা দখল করে তামাক চাষ চলছে। দেড়-দুই মাস ধরে উপজেলার পাঁচটি বন বিটের বিভিন্ন এলাকায় দখলদারেরা বনের টিলা ও জলাশয় পরিষ্কার করে এ চাষ করছে বলে অভিযোগ উঠেছে। এতে এসব বনের গাছগাছালি উজাড়ের পাশাপাশি বন্য প্রাণীর খাদ্য ও আবাসস্থল হুমকির মুখে পড়েছে।জানা যায়, বন বিভাগের কিছু কর্মকর্তা-কর্মচারী ও বন জায়গীরদারদের যোগসাজশে চাষিরা বনের জায়গায় তামাক চাষ করছেন। শুধু তা-ই নয়, চাষিরা তামাক পাতা শুকানোর জন্য সেখানে এক-দেড় শ অস্থায়ী চুল্লিও নির্মাণ করছেন। প্রতি তিন একর জমির তামাকের জন্য একটি ১৫ ফুট বাই ১০ ফুট চুল্লি লাগে।খোঁজ নিয়ে জানা যায়, উপজেলায় কক্সবাজার উত্তর বন বিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জের ফাঁসিয়াখালী, মানিকপুর, কাকারা ও নলবিলা বন বিট, চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের চুনতি রেঞ্জের বরইতলি বিট ও লামা বন বিভাগের বমু বিটের সংরক্ষিত বনের জায়গায় চার-পাঁচ বছর ধরে তামাক চাষ হয়ে আসছে। প্রতিবছর নতুন নতুন এলাকায় চাষ সম্প্রসারিত হচ্ছে। স্থানীয় একাধিক সূত্র জানায়, এখানে কমপক্ষে পাঁচ শ একর বনভূমিতে তামাক চাষ হয়েছে।সরেজমিন দেখা গেছে, উপজেলার কাকারা, মানিপুর-সুরাজপুর, বরইতলি, লক্ষ্যারচর ও ফাঁসিয়াখালী ইউনিয়নের সংরক্ষিত বনের পাহাড়ের ঢালে ও নিচু জমিতে তামাক চাষ করা হয়েছে। এসব স্থানে জলাশয়ের পানি সেচে তামাকক্ষেতে দেওয়া হচ্ছে। আবার শুকিয়ে যাওয়া জলাশয়ও চাষের জন্য তৈরি করা হচ্ছে।এলাকার লোকজন জানায়, এসব পাহাড়ি জলাশয়ে বন্য হাতি, বানর, শিয়াল, বন্য শূকরসহ নানা প্রাণী ও পাখি তৃষ্ণা মেটাত। জলাশয়গুলোতে ডেরা গড়ত বন্য হাতি। কিন্তু কয়েক বছর ধরে জলাশয় ধ্বংস হয়ে যাওয়ায় খাদ্য ও পানির সংকটে পড়ে লোকালয়ে ছুটে আসছে হাতি।দেখা গেছে, চাষিরা তামাকের চারা রোপণের পাশাপাশি তামাক শুকানোর জন্য বনের লাকড়ি সংগ্রহ করছেন। কাকারা, মানিকপুর-সুরাজপুর ও লক্ষ্যারচর ইউনিয়নের পাহাড়ি গ্রামগুলোর অধিকাংশ বাড়িঘরের উঠানে লাকড়ি মজুদ করা হচ্ছে। বিভিন্ন এলাকা থেকে পিকআপ, জিপ ও ভ্যানে করে লাকড়ি আসছে। সুরাজপুর গ্রামের তামাকচাষি আলী হোছন (৬৫) ও আবুল হাসেমসহ (৪০) অনেকে জানান, তামাক পাতা শুকানোর জন্য প্রতি মণ লাকড়ি তাঁরা ৯০-১০০ টাকায় কিনছেন। উপজেলার ফাঁসিয়াখালী, ডুলাহাজারা ও খুটাখালী এবং লামার আজিজনগর পাহাড় থেকে ব্যবসায়ীরা এসব লাকড়ি সরবরাহ করছেন।যোগসাজশের অভিযোগ অস্বীকার করে ফাঁসিয়াখালী বিট কর্মকর্তা শাখায়েত উল্লাহ প্রথম আলোকে বলেন, ‘আমি যোগদানের আগেই চাষগুলো হয়েছে। আমার জানা মতে, যেসব জমিতে চাষ হয়েছে তা অনেক আগেই দখল হয়ে গেছে।’ একই মন্তব্য করে কাকারা বিটের বিট কর্মকর্তা মোস্তাফিজুল হক বলেন, ‘এতে বাধা দিতে গেলেও নানাভাবে অপমানিত হতে হয়।’ মানিকপুর বিটের বিট কর্মকর্তা আবদুল হক হাওলাদার জানান, ইতিমধ্যে তাঁর বিটের সংরক্ষিত এলাকার সুরাজপুর মৌজায় চাষ করা বেশ কিছু তামাক নষ্ট করে দেওয়া হয়েছে। গত ৭ জানুয়ারি বনভূমি দখল করে চাষ করার দায়ে বশির আহমদ (৩৫) নামের একজন আটক করা হয়েছে।ফাঁসিয়াখালী রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মাহমুদ কবির পাহাড়ি এলাকায় তামাক চাষের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘তামাক চাষের কারণে বনাঞ্চল উজাড় হয়ে যাচ্ছে।’ চকরিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন বলেন, তামাকের কারণে সংরক্ষিত বনের পাশাপাশি রাস্তাঘাটের গাছগুলোও উজাড় হয়ে যাচ্ছে।