সংরক্ষিত বনে রোহিঙ্গা বসতি বেড়েই চলেছে
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সংরক্ষিত বনে রোহিঙ্গা বসতি বেড়েই চলেছে। দুই হাজারেরও বেশি রোহিঙ্গা পরিবার বন ধ্বংস করে বসতি গড়েছে বনের ভেতরে।এলাকাবাসী জানান, ২০০৮ সালে চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের খুরুশিয়া রেঞ্জের খাজার টিলায় ১৫-১৬টি রোহিঙ্গা পরিবার বসতি গড়ে তোলে। বর্তমানে ওই পাহাড়ে শতাধিক রোহিঙ্গা পরিবার রয়েছে। রোহিঙ্গা পরিবারগুলো পাহাড় ও বনের বাঁশ ও গাছ কেটে বসতঘর তৈরি করেছে। ইউনিয়নের বিভিন্ন পাহাড়ে আরও তিন শতাধিক রোহিঙ্গা পরিবার রয়েছে।চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইদ্রিছ আজগর বলেন, বন বিভাগের রাঙ্গুনিয়া রেঞ্জের কোদালা বিটের বনগ্রাম পাহাড়ে ৪০-৪৫টি রোহিঙ্গা পরিবার বসতি গড়ে তুলেছে।উপজেলা পরিসংখ্যান সহকারী নিতাই দাশ বলেন, বর্তমানে উপজেলার ১৫টি ইউনিয়ন ও পৌরসভার পাহাড়ে দুই হাজারেরও বেশি রোহিঙ্গা পরিবার বাস করছে। ২০০৯ সালে এই সংখ্যা ছিল অর্ধেকেরও কম। দিনে দিনে এই সংখ্যা বেড়ে চলেছে।ছমিউদ্দিন (৪৭) নামের এক রোহিঙ্গা বলেন, ‘মিয়ানমারের দাঙ্গা থেকে পালিয়ে কক্সবাজারের টেকনাফে আশ্রয় নেই। সেখান থেকে চার মাস আগে খাজার টিলায় এসে মাটির দেয়াল, বনের গাছ ও বাঁশ দিয়ে বসতঘর নির্মাণ করি।’উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর আজম সিদ্দিকী বলেন, উপজেলার মাসিক সমন্বয় সভায় এ ব্যাপারে আলোচনা করা হবে। রোহিঙ্গা বসতি চিহ্নিত করে উচ্ছেদ করা হবে।