সংরক্ষিত বনে ২৯ ইটভাটা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের সংরক্ষিত বনের ভেতরে ২৯টি ভাটা তৈরি করে ইটের বাণিজ্য চালানো হচ্ছে। কিন্তু বন বিভাগ এসব ভাটা উচ্ছেদ করতে পারছে না।
১৯ নভেম্বর দুপুরে টেকনাফ উপজেলার নিলা ইউনিয়নের মুছনী গ্রামে গিয়ে দেখা গেছে, সংরক্ষিত পাহাড়ের আধা কিলোমিটারের মধ্যে স্থাপন করা হয়েছে এইচবি ব্রিকস নামের একটি ভাটা। এর সামান্য দক্ষিণে লেদা, নয়াপাড়া ও জাদিমুরা গ্রামে বনের আধা কিলোমিটারের মধ্যে স্থাপন করা হয়েছে আরও পাঁচটি ইটভাটা—এআরবি ব্রিকস, জেডআরবি ব্রিকস, থ্রি-স্টার ব্রিকস, এনবিসি ব্রিকস ও ভাই ভাই ব্রিকস। এসব ভাটার বিপরীতে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র যেমন নেই, নেই ইট উৎপাদনের বৈধ লাইসেন্সও।
এইচবি ব্রিকস ও এআরবি ব্রিকসের মালিক মোহাম্মদ হাশেম ও তোফাজ্জল আহমদ জানান, ব্যক্তিমালিকানাধীন জমিতে তাঁরা ইটভাটা স্থাপন করেন। কিন্তু বনের ভেতরে বলে পরিবেশ অধিদপ্তর ছাড়পত্র দিচ্ছে না। অন্যদিকে, পরিবেশ ছাড়পত্র ছাড়া জেলা প্রশাসনও লাইসেন্স নবায়ন করছে না।
এদিকে, রামুর ধোয়াপালং সংরক্ষিত বনের ভেতরে ছয়টি ইটভাটা তৈরি করেন স্থানীয় আবদুল গণী, আবদুস সালাম, সৈয়দ হোসেন, নজির আহমদ, শাহ আলম চৌধুরী ও মঞ্জুর আলম।
কক্সবাজার (দক্ষিণ) বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা (ডিএফও) বিপুল কৃষ্ণ দাস জানান, এই ছয়টি ইটভাটা বন্ধের জন্য জেলা প্রশাসক বরাবরে পৃথক দুটি চিঠি দেওয়া হয়। কিন্তু ইটভাটা বন্ধ হয়নি।
বন বিভাগের হিসাবমতে, জেলায় সংরক্ষিত বনের ভেতরে ইটভাটা রয়েছে ২৯টি। এর মধ্যে টেকনাফে নয়টি, সদরে চারটি, রামুতে ১০টি, চকরিয়ায় চারটি ও পেকুয়ায় দুটি।
পরিবেশবাদী সংগঠন ‘কক্সবাজার বাঁচাও’ আন্দোলনের সভাপতি আবু মোর্শেদ চৌধুরী জানান, বনের ভেতরে তৈরি এসব ভাটায় কয়লার পরিবর্তে জ্বালানি কাঠ পোড়ানো হচ্ছে। ফসলি জমির মাটি কেটে ইট তৈরি করায় পরিবেশ নষ্ট হচ্ছে। ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় জীববৈচিত্র্য ধ্বংসসহ মানুষের নানা সমস্যা হচ্ছে। বেশির ভাগ ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করে শিশু-কিশোরেরা। গত বছরের ২৭ ফেব্রুয়ারি র‌্যাবের সদস্যরা সদর উপজেলার পিএমখালী এলাকার এবিসি ইটভাটায় অভিযান চালিয়ে ২৭ শিশুকে উদ্ধার করেছিলেন। গত বুধবার বিকেলে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে যৌথবাহিনী রামুর চাকমারকুল এলাকায় বিকে আজম নামের একটি ইটভাটায় অভিযান চালিয়ে ১৮ ট্রাক কাঠ উদ্ধার করে।
ম্যাজিস্ট্রেট সরকার আবদুল্লাহ আল মামুন জানান, এসব কাঠ সংরক্ষিত বন থেকে সংগ্রহ করা হয়। অন্যান্য ভাটায়ও অভিযান চালানো হবে। জেলা প্রশাসন সূত্র জানায়, জেলায় বর্তমানে ইটভাটা রয়েছে ৫৫টি। এর মধ্যে ৩৯টির লাইসেন্স মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে।
জেলা প্রশাসক মো. রুহুল আমিন বলেন, ‘পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকলে আমরা কাউকে ইটভাটা তৈরির লাইসেন্স দিতে পারি না। লাইসেন্স নবায়নও করছি না। এ কারণে অনেক ভাটার লাইসেন্স মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে। কিন্তু উচ্চ আদালতের নিষেধাজ্ঞার কারণে এসব ভাটা উচ্ছেদ করা যাচ্ছে না।’
পরিবেশ অধিদপ্তর কক্সবাজারের সহকারী পরিচালক সরদার শরীফুল ইসলাম জানান, সংরক্ষিত বনের ভেতরে ইটভাটা স্থাপন, কৃষিজমির ব্যবহার, পরিবেশ ও জীববৈচিত্র্য ধ্বংস করার দায়ে ৩০টি ইটভাটার মালিকের বিরুদ্ধে নোটিশ পাঠানোর প্রস্তুতি চলছে। ইট পোড়ানো (নিয়ন্ত্রণ) আইন ২০০১ মতে, সংরক্ষিত বনের তিন কিলোমিটারের মধ্যে ইটভাটা স্থাপন ও কাঠ ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।