সংরক্ষিত বনের গাছ অবাধে কেটে জ্বালানি কাঠ হিসেবে বিক্রি
মৌলভীবাজারের জুড়ী উপজেলার গোয়ালবাড়ি ইউনিয়নের শিমুলতলায় লাঠিটিলা সংরক্ষিত বনের বিভিন্ন জাতের গাছ অবাধে কেটে জ্বালানি কাঠ হিসেবে বিক্রির অভিযোগ পাওয়া গেছে। বন বিভাগের লোকজন গতকাল মঙ্গলবার ঘটনাস্থলে অভিযান চালিয়ে কাঠভর্তি একটি পিকআপ ভ্যান আটক এবং কাটা গাছের টুকরোসহ বেশ কিছু জ্বালানি কাঠ জব্দ করে। এ ঘটনায় বন আইনে একটি মামলা হয়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে, গোয়ালবাড়ির শুকনাছড়া গ্রামের বন জায়গিরদার রইছ উদ্দিন (৩২) ছয়-সাত দিন ধরে শিমুলতলা এলাকায় লালি ও কদম জাতের বেশ কিছু গাছ শ্রমিকদের দিয়ে অবাধে কেটে নিয়ে সেগুলো জ্বালানি কাঠ হিসেবে স্থানীয় হাট-বাজারে বিক্রি করছেন। এ পর্যন্ত শতাধিক গাছ কেটে ফেলা হয়েছে। এসব গাছের বেড় দুই-আড়াই ফুট এবং উচ্চতা ২০-২৫ ফুট। স্থানীয় লোকজনের অভিযোগ, বিষয়টি স্থানীয় লাঠিটিলা বিটের কর্মকর্তাদের জানালেও তাঁরা কোনো ব্যবস্থা নেনটি।প্রত্যক্ষদর্শী ও বন বিভাগ সূত্র জানায়, জুড়ী-১ রেঞ্জ কার্যালয়ের বন কর্মকর্তা আবদুস সাত্তারের নেতৃত্বে বন বিভাগের লোকজন বেলা একটার দিকে শিমুলতলায় অভিযান চালান। টের পেয়ে গাছ কাটায় নিয়োজিত শ্রমিকেরা পালিয়ে যায়। বন বিভাগের কর্মকর্তারা সেখান থেকে জ্বালানি কাঠ বোঝাই একটি পিকআপ ভ্যান আটক এবং কাটা কদম গাছের সাতটি টুকরো ও ২০০ আঁটি জ্বালানি কাঠ জব্দ করেন। এ ঘটনায় বন জায়গিরদার রইছউদ্দিনকে আসামি করে বন আইনে একটি মামলা করা হয়েছে।ঘটনার সত্যতা নিশ্চিত করে জুড়ী-১ রেঞ্জের বন কর্মকর্তা আবদুস সাত্তার বলেন, ‘সংরক্ষিত বনের গাছ পাচারের অভিযোগে রইছউদ্দিনের বিরুদ্ধে বন আইনে আরও ১০-১২টি মামলা আছে। এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে লাঠিটিলা বিটের কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে।’লাঠিটিলা বিটের কর্মকর্তা আবদুল বাতেন বলেন, ‘এলাকার লোকজন বিষয়টি আমাকে অবহিত করেছিলেন এটা ঠিক। কিন্তু অন্যান্য কাজে ব্যস্ত থাকায় শিমুলতলায় অভিযান চালাতে পারিনি।’ রইছউদ্দিনের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করে তা বন্ধ পাওয়া গেছে।