সংরক্ষিত বনের পাশে ১৪ ইটভাটা, ২০ করাতকল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের লোহাগাড়ায় সংরক্ষিত বনাঞ্চলের আশপাশে অবৈধভাবে গড়ে উঠেছে ১৪টি ইটভাটা ও ২০টি করাতকল। এসব ইটভাটার কোনোটিরই অনুমোদন নেই। এদিকে সব কটি করাতকলের অনুমোদনের মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে। তবে করাতকলগুলোর নেই কোনো পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র। অসাধু ব্যবসায়ীরা কাঠ কেটে ইটভাটা ও করাতকলে পাচার করে বলে অভিযোগ রয়েছে। এতে লোহাগাড়ার আশপাশের সংরক্ষিত বনাঞ্চল ও চুনতি অভয়ারণ্য দিন দিন মরুভূমিতে পরিণত হচ্ছে, হারাচ্ছে জীববৈচিত্র্য। উপজেলা পরিষদ কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলায় ৩২টি ইটভাটা রয়েছে। এর মধ্যে সংরক্ষিত বনাঞ্চলের কাছে গড়ে উঠেছে ১৩টি। চরম্বার ইউনিয়নে বনের আধা কিলোমিটারের মধ্যে রয়েছে ছয়টি ইটভাটা। এগুলো হচ্ছে, জামাল হোসেনের মালিকানাধীন এসবিএম, পলাশ দাশের এমএমবি, আবুল কাশেমের পিবিসি, মো. ছরওয়ারের ফোর বিএম, নজির মেম্বারের এসবিএন ও গুরা মিয়ার সিবিএম। পুটিবিলা ইউনিয়নে চারটির মধ্যে খায়ের আহমদের কেএন ব্রিকস, জয়নাল আবেদীনের রহমানিয়া ব্রিকস, মঞ্জুরুল আলমের বড় মওলানা ব্রিকস ও গৌড়স্থানের মো. ইদ্রিসের আরএন ব্রিকস বনাঞ্চলের দুই কিলোমিটারের মধ্যে অবস্থিত। অন্যদিকে চুনতি ইউনিয়নে বিমল বড়ুয়ার তানি ব্রিকস, বড় হাতিয়া ইউনিয়নে আবদুল হকের বড় হাতিয়া ব্রিকস, মো. ফেরদৌসের জব্বারিয়া ব্রিকস, আমির হোসেনের কালু ব্রিকস বনাঞ্চলের দুই-তিন কিলোমিটারের মধ্যে অবস্থিত। অথচ সরকারি বিধিতে বনাঞ্চলের ১০ কিলোমিটারের মধ্যে কোনো ইটভাটা ও করাতকল স্থাপন সম্পূর্ণ নিষিদ্ধ। বনাঞ্চলের কাছে হওয়ায় এসব ইটভাটায় পোড়ানো হচ্ছে বনের শিশুগাছ ও ইট তৈরিতে ব্যবহার হচ্ছে পাহাড়ের মাটি।লোহাগাড়ার পদুয়া বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. ইদ্রিস আলী বলেন, ‘বনাঞ্চলের পাশে ইটভাটা ও করাতকল স্থাপন সম্পূর্ণ অবৈধ। বিষয়টি আমরা চট্টগ্রাম জেলা প্রশাসক ও পরিবেশ অধিদপ্তরকে চিঠি দিয়ে জানিয়েছি। সম্প্রতি এসব অবৈধ ইটভাটা ও করাতকলে অভিযান চালিয়ে কাঠ জব্দ ও জরিমানা আদায় করা হয়েছে।’ লোহাগাড়া ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. নুরুচ্ছফা বলেন, ‘বনাঞ্চলের আশপাশের ইটভাটাগুলো নিয়মনীতির তোয়াক্কা না করে গড়ে উঠেছে। আমরা মালিকদের বনাঞ্চলের কাঠ না পোড়ানোর জন্য বলেছি।’ অপরদিকে ইটভাটার পাশাপাশি লোহাগাড়ার বনাঞ্চলের আশপাশে গড়ে ওঠা অবৈধ ২০টি করাতকলের মধ্যে চুনতিতে তিনটি, বড় হাতিয়ায় পাঁচটি, আধুনগরে দুটি, পুটিবিলায় চারটি, চরম্বায় চারটি, কলাউজানে দুটি করাতকল বনাঞ্চলের অল্প দূরত্বে অবস্থিত। এলাকাবাসীর অভিযোগ, প্রতিনিয়ত অসাধু ব্যবসায়ীরা বনের কাঠ পাচার করে করাতকলে। উপজেলার ৪৮টি করাতকলের মধ্যে প্রতিটির অনুমোদন মেয়াদোত্তীর্ণ বলে বন বিভাগ সূত্র জানিয়েছে। লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পরিমল সিংহ জানান, অচিরেই সংরক্ষিত বনাঞ্চলের আশপাশের করাতকলগুলো বন্ধের পরিকল্পনা চলছে। এসব করাতকলে প্রতিনিয়ত সংরক্ষিত বনের মূল্যবান কাঠ সেগুন, গামারি, একাশিয়া গাছ পাচার করা হচ্ছে। বনাঞ্চলের নিকটবর্তী ইটভাটাও বন্ধ করার উদ্যোগ নেওয়া হচ্ছে। উপজেলা চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী জানান, অবৈধ করাতকল ও ইটভাটা বন্ধে ইতিমধ্যে উপজেলা পরিষদের পক্ষ থেকে বন ও পরিবেশ মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। চুনতি অভয়ারণ্য এলাকার ইউপি সদস্য মো. বশির জানান, বনাঞ্চল উজাড় হওয়ার কারণে চুনতি অভয়ারণ্যের হাতি, বানর লোকালয়ে এসে মানুষের জানমালের ক্ষতি করছে। এলাকাবাসী জানান, ইতিমধ্যে কয়েকটি করাতকলে পাচারের উদ্দেশ্যে লাখ লাখ টাকার কাঠ মজুদ করা হয়েছে। করাতকল মালিক সমিতির উপদেষ্টা মো. নাছির উদ্দিন বলেন, বনাঞ্চলের আশপাশে করাতকল স্থাপন সম্পূর্ণ অবৈধ। পাশাপাশি এসব অবৈধ করাতকলে মজুদকৃত কাঠ উদ্ধারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি।