সংরক্ষিত বাঁশমহালে সামাজিক বনায়ন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ধলছড়া সংরক্ষিত বাঁশমহালের (বাগান) একাংশকে ফাঁকা দেখিয়ে বন বিভাগ সামাজিক বনায়ন করছে। মহালের ওই অংশের বেশ কিছু জায়গায় কচি বাঁশ ও পুরোনো গাছগাছালি নির্বিচারে কেটে আগর গাছের চারা লাগানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।উপজেলার দক্ষিণভাগ (দক্ষিণ) ইউনিয়নে পাহাড়ি এলাকায় ধলছড়া বাঁশমহালের অবস্থান। পাশের সমনভাগ চা-বাগানের শ্রমিকদের ভাষ্যমতে, পরিষ্কার করা জায়গায় প্রচুর মুলি ও খাং জাতের বাঁশ এবং বনজ গাছ ছিল। এ ছাড়া প্রাকৃতিক গাছগাছালির ঝোপে প্রায়ই দেখা পাওয়া যেত মেছোবাঘ, মায়াহরিণ, বনবিড়ালসহ বিভিন্ন বন্য প্রাণী।বন বিভাগের জুড়ী-২ রেঞ্জ (বড়লেখা) কার্যালয়ের একটি সূত্র জানায়, ২০০৬-০৭ অর্থবছরে বন বিভাগ দরপত্রের মাধ্যমে প্রায় ৬০ লাখ টাকায় ধলছড়া বাঁশমহাল ইজারা দেয়। তখন মহালে বাঁশের সংখ্যা ছিল ২৭ লাখ ৫৫ হাজার। ২০০৮ সালের মে মাসে ইজারাদার বাঁশ কেটে নেন। সূত্র জানায়, প্রতি তিন বছর পর বাঁশমহাল ইজারা দেওয়া হয়। মধ্যবর্তী সময়ে নতুন বাঁশ জন্মায়।স্থানীয় সমনভাগ বিটের কর্মকর্তা আবু বকর বলেন, সংরক্ষিত বনের প্রায় ১৫০ একর ফাঁকা জায়গায় স্বল্প মেয়াদের (১০ বছর) জন্য সামাজিক বনায়ন করার অনুমতি পাওয়া গেছে। সেখানকার ৫০-৬০ একরে কিছু আগর গাছের চারা লাগানো হয়েছে। পর্যায়ক্রমে বাকি জায়গায়ও চারা লাগানো হবে। এ ক্ষেত্রে প্রত্যেক উপকারভোগী এক একর করে জমি পাবেন। তবে তাঁদের তালিকা এখনো চূড়ান্ত হয়নি। তিনি দাবি করেন, ২০০৮ সালে মড়ক লেগে মহালের বাঁশ মরে যাওয়ায় সেখানে সামাজিক বনায়ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জুড়ী-২ (বড়লেখা) রেঞ্জের বন কর্মকর্তা আবদুল করিম বলেন, ‘আমার জানামতে ফাঁকা জায়গায় বনায়ন করা হচ্ছে। এর বাইরে হলে খোঁজ নিয়ে দেখব।’বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আবদুল মতিন বলেন, একটি পরিবেশকে ঘিরে বন্য প্রাণীর জীবনকাঠামো গড়ে ওঠে। বিদ্যমান সেই পরিবেশ নষ্ট হলে আগের অবস্থা আর ফিরে আসে না। জীববৈচিত্র্য নষ্ট হয়। সামাজিক বনায়নের মাধ্যমে প্রাকৃতিক বনের যে ক্ষতি হচ্ছে, সেটা গভীরভাবে এখনই ভাবা দরকার। স্থানীয় দক্ষিণভাগ (দক্ষিণ) ইউপির চেয়ারম্যান গিয়াস উদ্দিন আহমদ বলেন, ধলছড়ায় বন বিভাগ বনায়ন করছে বলে তিনি শুনেছেন। সিলেটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. দেলোয়ার হোসেন বলেন, কোনোভাবেই বাঁশমহাল নষ্ট করে বনায়ন করা যাবে না। আইনে স্পষ্টভাবে বলা আছে, ফাঁকা জায়গায় সামাজিক বনায়ন করতে হবে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।