সংরক্ষিত বাড়ি ভাঙার নোটিশ ডিসিসির, রাজউক জানে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার ফরাশগঞ্জের বি কে দাশ লেনের সংরক্ষিত ‘বড়বাড়ি’ ভেঙে ফেলার নোটিশ দিয়েছে ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি)। অথচ সংরক্ষিত বাড়ি রক্ষায় গঠিত ‘নগর উন্নয়ন কমিটি’তে ডিসিসির প্রতিনিধিও আছেন। বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত নগর উন্নয়ন কমিটির সুপারিশের ভিত্তিতে রাজধানীর পুরান ঢাকাসহ সাতটি এলাকার কয়েকটি নির্দিষ্ট রাস্তা, ৯৩টি বাড়ি ও স্থাপনাকে ঐতিহ্যবাহী এবং সংরক্ষিত ঘোষণা করা হয়। ঐতিহ্যবাহী, নান্দনিক, বৈজ্ঞানিক, সামাজিক বা ধর্মীয় গুরুত্ব বিবেচনায় সংরক্ষিত ভবন ও স্থাপনার তালিকা তৈরি করা হয়। গত বছরের ১২ ফেব্রুয়ারি তালিকাটি গেজেট আকারে প্রকাশিত হয়।এলাকায় খোঁজ নিয়ে জানা যায়, ৪৫ বি কে দাশ লেনের বড়বাড়িতে ডিসিসির নোটিশ যায় গতকাল সোমবার। নোটিশে বলা হয়, বাড়িটি পুরোনো ও জরাজীর্ণ। বাড়িটি ভেঙে পড়ে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। ১৫ দিনের মধ্যে বাড়িটি ভেঙে ফেলার পরামর্শ দিয়ে নোটিশে আরও বলা হয়, অন্যথায় ঢাকা সিটি করপোরেশনের আদেশ মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। নোটিশ দেওয়া হয় জসিম উদ্দিন নামের এক ব্যক্তিকে। সিটি করপোরেশনের অঞ্চল-২ থেকে নোটিশটি পাঠানো হয় নির্বাহী প্রকৌশলী আবুল হাশেমের স্বাক্ষরে। গতকাল সন্ধ্যায় তিনি নোটিশ পাঠানোর কথা স্বীকার করে বলেন, বাড়িটি সংরক্ষিত কি না, তা ভালো করে খোঁজখবর করা হয়নি। তিনি জানান, অতীতের তালিকা ধরে নোটিশটি পাঠানো হয়ে থাকতে পারে। এদিকে যার নামে নোটিশ পাঠানো হয়েছে, সেই নামে ওই বাড়ির কোনো শরিক নেই বলে জানান নগর উন্নয়ন কমিটির একজন সদস্য। খোঁজ নিয়ে জানা যায়, ১৯৪৭ সালে দেশ ভাগের আগে মো. রফিক নামের এক ব্যক্তি বসবাস করতেন। পরে তিনি জনৈক সিরাজুল ইসলামের কাছে বাড়িটি বিক্রি করে দেন। সিরাজুল ইসলাম মারা যাওয়ার পর তাঁর তিন ছেলে মো. আখিল, মো. শাকিল ও মো. বাবু বাড়ির মালিক হন। তবে দোতলা এই বাড়িটিতে তাঁরা থাকেন না। নিচতলা ভাগাড় ও ওয়ার্কশপ হিসেবে ব্যবহার করছেন তাঁরা। এদিকে সংরক্ষিত অন্য বাড়িগুলোর মতো তালিকাভুক্ত এই বাড়িটির ক্ষেত্রে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) চিঠি দিয়ে মালিকদের জানিয়েছে, এ বাড়ির কোনো কিছু নগর কমিটির অনুমোদন ছাড়া পরিবর্তন করা যাবে না। রাজউক জানায়, সংরক্ষিত বাড়িগুলো না ভাঙার বিষয়ে যেসব চিঠি দেওয়া হয়, তার অনুলিপি সিটি করপোরেশনেও পাঠানো হয়। রাজউকের চেয়ারম্যান মো. নূরুল হুদা প্রথম আলোকে বলেন, নগর উন্নয়ন কমিটির অনুমোদন ছাড়া কোনো বাড়িতে এ ধরনের নোটিশ পাঠানো যায় না। ৪৫ বি কে দাশ লেনের বাড়িকে এমন চিঠি দেওয়ার বিষয়ে ডিসিসি তাঁকে অবহিত করেনি।