সংলাপ-আন্দোলন একসঙ্গে চলবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভাষণ দেওয়ার আগে দলের কৌশল ও কর্মসূচির খসড়া অনুলিপি নিয়ে ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কথা বলছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। গতকাল রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ১৮-দলীয় জোটের মহাসমাবেশে দুই নেতাকে কয়েকবার নিজেদের মধ্যে আলাপ করতে দেখা গেছে ষ ছবি: প্রথম আলো
ভাষণ দেওয়ার আগে দলের কৌশল ও কর্মসূচির খসড়া অনুলিপি নিয়ে ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কথা বলছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। গতকাল রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ১৮-দলীয় জোটের মহাসমাবেশে দুই নেতাকে কয়েকবার নিজেদের মধ্যে আলাপ করতে দেখা গেছে ষ ছবি: প্রথম আলো

নির্বাচনকালীন নির্দলীয় সরকার নিয়ে আলোচনা শুরুর জন্য সরকারকে আবার সময় বেঁধে দিয়ে আগামীকাল রোববার থেকে সারা দেশে ৬০ ঘণ্টার হরতাল ডেকেছেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া। তিনি বলেন, সংলাপ ও আন্দোলন একই সঙ্গে চলবে।
গতকাল শুক্রবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ১৮ দল আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে খালেদা জিয়া এই কর্মসূচি ঘোষণা করেন। রোববার সকাল ছয়টা থেকে শুরু হয়ে মঙ্গলবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত বিরতিহীনভাবে এই হরতাল পালন করা হবে বলে তিনি ঘোষণা দেন।
প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে খালেদা জিয়া বলেন, ‘সময় বেশি নেই। আজ-কালের মধ্যে আলোচনার ব্যবস্থা করুন। যদি না করেন, একদম স্ট্রেইট কাট কর্মসূচিতে চলে যেতে হবে। এখন প্রাথমিক কর্মসূচি দিচ্ছি। এর মধ্যে কাজ না হলে পরবর্তী সময়ে আরও কঠিন কর্মসূচি দেব।’ তিনি বলেন, তাঁর দল ক্ষমতায় এলে বিরোধী দলের আটক সব নেতা-কর্মী মুক্তি পাবেন।
প্রশাসনকে নির্দেশ না মানার আহ্বান: সংবিধান অনুযায়ী সরকারের মেয়াদের শেষ ৯০ দিনে নির্বাচন হতে হবে। সেই হিসাবে ২৭ অক্টোবর থেকে নির্বাচনের ক্ষণগণনা শুরু। খালেদা জিয়া দাবি করেন, ২৭ অক্টোবর থেকে এই সরকার সম্পূর্ণ অবৈধ। তাই এই অবৈধ সরকারকে প্রশাসন ও পুলিশের সহযোগিতা করাও অবৈধ এবং অসাংবিধানিক। তিনি ২৭ অক্টোবর থেকে এ সরকারের নির্দেশ না মানার জন্য প্রশাসনের কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।

খালেদা জিয়া বলেন, সরকারের এখন আর জনগণের ওপর ভরসা নেই। তারা পুলিশ-র‌্যাব-বিজিবির ওপর নির্ভরশীল। তিনি র‌্যাব-পুলিশকে এ সরকারের নির্দেশ না মানার আহ্বান জানিয়ে বলেন, ‘আপনারা দেশকে ভালোবাসেন। আপনাদের ছেলেমেয়েরা এ দেশে থাকবে।’

গুমের জন্য বিশেষ বাহিনী: খালেদা জিয়া বর্তমান সরকারের আমলে গুম-খুনের সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, সরকার গুম-খুনের জন্য একটি বাহিনী তৈরি করেছে। সেই বাহিনীতে কারা আছেন, কোন কোন গাড়ি ব্যবহার করা হয়, ওই সব গাড়ি কোথায় কোথায় যায়—সব তথ্য তাঁর কাছে আছে বলে দাবি করেন খালেদা জিয়া।

সরকার বিরোধী নেতা-কর্মীদের নির্বিচারে ধরপাকড় করছে বলে অভিযোগ করেন খালেদা জিয়া। তিনি বলেন, ছাত্রদলের সাবেক সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও ছাত্রশিবিরের সভাপতি দেলাওয়ার হোসেনকে রিমান্ডে নির্যাতন করে পঙ্গু করে ফেলা হয়েছে। তিনি প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেন, ‘যদি ধরপাকড় বন্ধ না হয়, পরিণতি ভয়াবহ হবে। এর দায় আপনাকেই নিতে হবে।’

দিনভর বৃষ্টি, শান্তিপূর্ণ সমাবেশ: নির্দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবি মানতে সরকারকে ২৪ অক্টোবর পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলেন বিরোধীদলীয় নেতা। ওই সময়ের মধ্যে দাবি না মানায় গতকাল সমাবেশ করে বিরোধীদলীয় জোট। এই সমাবেশকে কেন্দ্র করে নানা উদ্বেগ-উৎকণ্ঠা থাকলেও শেষ পর্যন্ত শান্তিপূর্ণভাবেই তা শেষ হয়। শেষ মুহূর্তে অনুমতি পাওয়ার পর গত বৃহস্পতিবার রাতে সোহরাওয়ার্দী উদ্যানের পূর্ব পাশে (ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনের অংশ) মঞ্চ নির্মাণের কাজ শুরু হয়। বৃষ্টির কারণে নির্মাণকাজ বাধাগ্রস্ত হয়। গতকাল সমাবেশ শুরুর কিছু সময় আগে মঞ্চ নির্মাণের সব কাজ সম্পন্ন হয়।

বৃষ্টির মধ্যেই সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে আসতে থাকেন বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের নেতা-কর্মীরা। দুপুর ১২টার পর থেকে আসতে থাকে বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের নেতা-কর্মী-সমর্থকদের মিছিল। তার আগে সকাল থেকেই সমাবেশস্থলে জমায়েত হতে থাকেন জামায়াতে ইসলামীর ছাত্রসংগঠন ছাত্রশিবিরের নেতা-কর্মীরা। সমাবেশ শুরুর আগে মঞ্চের সামনে অবস্থান করা নিয়ে শিবিরের সঙ্গে ছাত্রদল ও যুবদলের নেতা-কর্মীদের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনাও ঘটে। শিবিরের সভাপতি এবং মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত ও সাজাপ্রাপ্ত জামায়াত নেতাদের মুক্তির দাবিসংবলিত ব্যানার, ফেস্টুন ও বেলুনে ভরে যায় সমাবেশস্থল।

দিনভর বৃষ্টিতে ভেজা মাঠে বসার মতো অবস্থা ছিল না। মঞ্চের সামনের দিকে থাকা কিছু চেয়ারে যাঁরা জায়গা পেয়েছেন, তাঁরা ছাড়া প্রায় সবাই পুরো সময় দাঁড়িয়ে ছিলেন। অনেকে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে মৎস্য ভবন পর্যন্ত সড়কের ওপর অবস্থান করেন। সমাবেশ ঘিরে ভোর থেকেই রাজধানীর সর্বত্র ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থান। চারুকলা, টিএসসি, বাংলা একাডেমি ও ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের পাশে সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশের সব কটি পথে ছিল পুলিশ।

বেলা সোয়া দুইটার দিকে আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হয়। প্রথমে বক্তৃতা করেন শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি আবদুল জাব্বার। বিকেল চারটার দিকে মঞ্চে আসেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া।

ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক সাদেক হোসেন খোকার সভাপতিত্বে সমাবেশে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জোটের শরিক নেতাদের মধ্যে অলি আহমদ, সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, আন্দালিব রহমান, শফিউল আলম প্রধান, আবদুল লতিফ নেজামী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আ স ম হান্নান শাহ, রফিকুল ইসলাম মিয়া, আবদুল মঈন খান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায় প্রমুখ বক্তব্য দেন।

বিএনপির ফর্মুলা মানতে হবে: বিএনপির চেয়ারপারসন বলেন, ‘সংবিধানের দোহাই দিয়ে আর লাভ নেই। হাসিনার অধীনে কোনো নির্বাচন এ দেশে হবে না। আমাদের ফর্মুলা গ্রহণ করতে হবে।’ সংবিধানে ‘সামান্য সংশোধনী’ এনে সংকট সমাধান সম্ভব উল্লেখ করে তিনি বলেন, নির্বাচন ছাড়া কোনো পথ নেই। বিএনপির ফর্মুলা অনুযায়ী সংবিধান সংশোধন করুন।

খালেদা জিয়া বলেন, তিনি নিজে নির্বাচনকালীন সরকারের একটি প্রস্তাব দিয়েছেন। তাঁর দলের সাংসদেরা তা জাতীয় সংসদে উত্থাপন করেছেন। সরকারের সদিচ্ছা থাকলে আলোচনায় বসত। কিন্তু সরকারের আলোচনায় বসার কোনো লক্ষণ নেই; বরং সরকার মনে করছে, ক্ষমতায় থেকে নির্বাচন করবে। কিন্তু সেটি হবে না। তিনি নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি মেনে নিতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘যে গর্ত খুঁড়ছেন, তাতে পড়বেন আপনি। আমরা জনগণকে সিঁড়ি করে পেরিয়ে যাব।’

নির্বাচন কমিশনের উদ্দেশে খালেদা জিয়া বলেন, সব দল ছাড়া কোনো নির্বাচন হবে না। নির্বাচন কমিশন বেশি বাড়াবাড়ি করলে ফল শুভ হবে না। জনগণের কাছে জবাবদিহি করতে হবে। সব দলের অংশগ্রহণে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনেই এ দেশে নির্বাচন হবে।

গতকাল ঢাকার পাশাপাশি জেলা ও উপজেলা পর্যায়েও সমাবেশ করার ঘোষণা ছিল ১৮ দলের। অনেক জায়গায় সমাবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। এর সমালোচনা করে খালেদা জিয়া বলেন, সরকার সারা দেশ অবরুদ্ধ করে রেখেছে। ‘অবৈধ’ সরকার যদি জোর করে ক্ষমতায় থাকতে অবরোধ করতে পারে, তাহলে ১৮ দলের কর্মসূচিতে বাধা দেওয়ার কোনো সুযোগ সরকারের থাকবে না।

ট্রাইব্যুনাল ভেঙে দেওয়ার দাবি: সমাবেশে মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত ট্রাইব্যুনাল ভেঙে দেওয়ার দাবি জানান জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির মকবুল আহমদ। এই ট্রাইব্যুনালকে ‘দেশীয় মাল’ মন্তব্য করে বলেন, ‘দেশীয় মাল দিয়ে চলবে না। রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে এ ট্রাইব্যুনাল করা হয়েছে। জামায়াতের নেতা সাঈদী, নিজামী, মুজাহিদদের “হত্যা” করা হলে আন্দোলন বন্ধ হবে না।’