আলটিমেটামের ১৯ দিন পর সংলাপের ডাক বিএনপির

তত্ত্বাবধায়ক সরকার মানতে সরকারকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেওয়ার ১৯ দিন পর এবার সংলাপ আয়োজনের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে প্রধান বিরোধী দল বিএনপি।
গতকাল বুধবার রাতে অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির সভায় গৃহীত প্রস্তাবে এ আহ্বান জানানো হয়। স্থায়ী কমিটির সভার প্রস্তাব ও বক্তব্য বিজ্ঞপ্তি আকারে আজ বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমে জানানো হয়।
দলের পক্ষ থেকে জানানো হয়, নির্দলীয়, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের বিষয়ে ‘ঐকমত্য গঠনে’ বিরোধী দলের সঙ্গে সংলাপ আয়োজনের জন্য সরকারের প্রতি বিএনপির স্থায়ী কমিটি আহ্বান জানিয়েছে। একই সঙ্গে দলটির অভিযোগ, সরকার বিরোধী দলকে আলোচনায় বসার ‘হাওয়াই’ আহ্বান জানাচ্ছে। আলোচনার কথা বলে সরকারই আলোচনার সব পথ রুদ্ধ করছে। সংলাপের জন্য স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে সরকারকে ‘রাষ্ট্রীয় সন্ত্রাস, সহিংসতা, হানাহানি, খুন, নিপীড়ন এবং আক্রমণাত্মক ও অশ্লীল মিথ্যা প্রচারণা’ বন্ধ করার আহ্বান জানিয়েছে দলটি।
বিএনপির স্থায়ী কমিটি মনে করে, নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবি মানতে খালেদা জিয়ার বেঁধে দেওয়া ৪৮ ঘণ্টার মধ্যে আলোচনায় বসার আহ্বানে সাড়া না দিয়ে সরকার ‘সমঝোতার গুরুত্বপূর্ণ সুযোগ হাতছাড়া’ করেছে।
৪ মে মতিঝিলের শাপলা চত্বরে ১৮ দলের সমাবেশ থেকে তত্ত্বাবধায়কের দাবি মানতে সরকারকে ৪৮ ঘণ্টা সময় দিয়েছিলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। অন্যথায় লাগাতার অবস্থানের মতো কঠিন কর্মসূচিতে যাওয়ার ইঙ্গিত দিয়েছিলেন তিনি। কিন্তু এখন পর্যন্ত সরকার তাদের দাবির প্রতি কর্ণপাত করেনি। অন্যদিকে বিএনপিকেও এখন পর্যন্ত নতুন কোন কর্মসূচি পালন করতে দেখা যায়নি।
সংলাপের আহ্বান জানানোর পাশাপাশি সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা এবং গণমাধ্যম ও মতপ্রকাশের স্বাধীনতাকে ‘শৃঙ্খলিত’ করার চেষ্টা, বিরোধীদলীয় নেতা-কর্মীদের গ্রেপ্তারের তীব্র সমালোচনা করেছে দলটি।
৫ মে হেফাজতে ইসলামের কর্মসূচি ঘিরে সরকার উৎখাতের ষড়যন্ত্র হয়েছিল বলে বিএনপির দিকে সরকারের যে অভিযোগ তার জবাবও দিয়েছে স্থায়ী কমিটি। বিএনপি বলেছে, ‘বিএনপি কোনো সন্ত্রাসী কার্যক্রম কিংবা সরকার উৎখাতের ষড়যন্ত্রে কখনো বিশ্বাস করে না। এগুলো আওয়ামী লীগেরই মজ্জাগত অভ্যাস। তারাই সরকার উৎখাতের জন্য “ট্রাম্পকার্ড ষড়যন্ত্র” করেছিল। তারাই বিগত দিনে লগি-বৈঠা সন্ত্রাসের মাধ্যমে তাদের “আন্দোলনের ফসল” বলে একটি অসাংবিধানিক সরকারকে ক্ষমতায় বসিয়েছিল।’
বিএনপির স্থায়ী কমিটি বলেছে, ‘হেফাজতে ইসলামের ৫ মের অবস্থান কর্মসূচি সকাল পর্যন্ত অব্যাহত থাকলে সরকার উৎখাত হয়ে যেত—এই হাস্যকর অজুহাতে তাদের ওপর গভীর রাতে নৃশংস অভিযান পরিচালনাকে জাতীয় স্থায়ী কমিটি কোনোভাবেই সমর্থন করতে পারে না।’
সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞার সমালোচনা করে বিএনপির অভিযোগ ‘সরকার দেশে অঘোষিত একদলীয় বাকশাল পদ্ধতি প্রবর্তন করে গণতন্ত্রের নাম ও নিশানা মুছে দিতে চায়। এই অসত্ উদ্দেশ্য হাসিলের জন্য তারা এক অস্পষ্ট ও বেআইনি নির্দেশে অনির্দিষ্টকালের জন্য সভা-সমাবেশ করার গণতান্ত্রিক অধিকার হরণ করেছে।’
বিএনপির অভিযোগ, গণমাধ্যম ও মতপ্রকাশের স্বাধীনতাকে সরকার শৃঙ্খলিত করেছে। ইসলামী ও দিগন্ত টিভির সম্প্রচার বন্ধ করা, ‘আমার দেশ’ পত্রিকার ছাপাখানায় তালা দেওয়া ও ভারপ্রাপ্ত সম্পাদককে গ্রেপ্তারের প্রতিবাদ করায় জাতীয় দৈনিক পত্রিকার ১৫ জন সম্পাদককে হুমকি, ‘দৈনিক যুগান্তর’-এর ওপর চাপ সৃষ্টির উদ্দেশ্যে মালিকানার সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের, টিভি টক শোতে সরকারের সমালোচকদের বিরুদ্ধে ভীতি প্রদর্শনমূলক বক্তব্য, ৯০ শতাংশ নাগরিক তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে—এই জনমত জরিপ প্রকাশের দায়ে পত্রিকার সম্পাদকের বিরুদ্ধে বিষোদগারের’ তীব্র নিন্দা জানিয়েছে স্থায়ী কমিটি। বিএনপির ভাষায়, এভাবে কোনো স্বৈরাচার দীর্ঘস্থায়ী হতে পারে না। এখন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রধানমন্ত্রী, তাঁর পরিবার ও সরকারের নানা অপকীর্তি ও দুর্নীতির খবর প্রকাশ হয়ে পড়ছে।
বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের ওপর নজরদারি ও নিয়ন্ত্রণে সরকারি সিদ্ধান্তেরও নিন্দা জানিয়েছে বিএনপি।
বিএনপির স্থায়ী কমিটির অভিযোগ, ৫ মে ঢাকার শাপলা চত্বরে অবস্থানরত হেফাজতে ইসলামের কর্মীদের হটাতে আলো নিভিয়ে গভীর রাতে রক্তক্ষয়ী অভিযান চলানো হয়েছে। এরপর দেশে-বিদেশে সরকার যে ভয়ংকর চেহারায় আবির্ভূত হয়েছে তা আড়াল করতে প্রধানমন্ত্রী থেকে শুরু করে শাসক দলের বিভিন্ন নেতা বিরোধী দল বিশেষ করে বিএনপি এবং খালেদা জিয়ার বিরুদ্ধে এক ‘ঘৃণ্য প্রচারাভিযান’ শুরু করেছে।
স্থায়ী কমিটি বলেছে, ‘গণহত্যাকারী সরকার এখন সন্ত্রাস, ধ্বংস ও হত্যার পথ ছেড়ে বিরোধী দলকে আলোচনা বসার “হাওয়াই” আহ্বান জানাচ্ছে। একই সঙ্গে তারা বলছে, সংবিধান বদল করে ক্ষমতায় থেকে নির্বাচন করার যে অসত্ ও গণবিরোধী পদক্ষেপ তারা নিয়েছে, তা বহাল থাকবে এবং শেখ হাসিনার অধীনেই নির্বাচন হবে। অর্থাত্ আলোচনার কথা বলে আলোচনার সব পথ তারাই রুদ্ধ করছে।’
বিএনপির অভিযোগ, দলটির কেন্দ্রীয় কার্যালয় বেশির ভাগ সময়ে পুলিশ-র্যাব দিয়ে কার্যত অবরোধ করে রাখা হচ্ছে। দলের পক্ষ থেকে যে নেতাই গণমাধ্যমে কথা বলছেন, তাকেই মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে। বিরোধী দলের প্রতিটি কর্মসূচিতেই সশস্ত্রভাবে বাধা দেয়া হচ্ছে, হামলা চালানো হচ্ছে। এভাবে বিরোধী দলের স্বাভাবিক কার্যক্রম পরিচালনা কার্যত অসম্ভব করে তোলা হচ্ছে বলে দলটি দাবি করেছে।
সভায় দেশের চলমান রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। সভার প্রস্তাবে বলা হয়, সরকারের সীমাহীন ব্যর্থতা, অপশাসন, দুঃশাসন, কুশাসন, দুর্নীতি, সন্ত্রাস, নৈরাজ্য, সমন্বয়হীনতা এবং দায়িত্বশীলদের কাণ্ডজ্ঞানহীন, উসকানিমূলক বক্তব্য ও হটকারী আচরণ দেশকে নৈরাজ্যকর পরিস্থিতিতে ঠেলে দিয়েছে। সর্বগ্রাসী সংকটে জাতি আজ হাবুডুবু খাচ্ছে। এমন সংঘাতপূর্ণ অনিশ্চিত পরিবেশ বাংলাদেশে এর আগে আর কখনো সৃষ্টি হয়নি। এমন ‘বর্বর পৈশাচিক রাষ্ট্রীয় সন্ত্রাসের’ কোনো অভিজ্ঞতা স্বাধীনতার পর বাংলাদেশের মানুষের আর কখনো হয়নি।