বিএনপি সাড়া না দিলে সরকার আর যোগাযোগ করবে না
সংলাপ ও নির্বাচন প্রস্তুতি একসঙ্গে চালাবে আ.লীগ
সংলাপ আর নির্বাচনের প্রস্তুতি, দুটি কাজই একসঙ্গে এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ। তবে এর মধ্যে বিরোধী দলের আন্দোলন মোকাবিলা ও নির্বাচনের প্রস্তুতির দিকে আওয়ামী লীগ বেশি মনোযোগ দিয়েছে বলে জানা গেছে।
ইতিমধ্যে দলীয়ভাবে নির্বাচনের প্রস্তুতি শুরু হয়ে গেছে। গতকাল রোববার রাতে গণভবনে দলের সংসদীয় বোর্ডের বৈঠকে আগামী ১০ নভেম্বর থেকে সংসদ নির্বাচনের জন্য দলীয় মনোনয়নপত্র বিক্রির সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, দলের তৃণমূল পর্যায়ে নির্বাচনের আবহ তৈরির জন্য তফসিল ঘোষণার আগেই প্রার্থী বাছাইসহ নির্বাচনী কাজ সম্পন্ন করা হবে। ইশতেহার তৈরি, কেন্দ্রভিত্তিক কমিটি গঠন, দলীয় এজেন্টদের প্রশিক্ষণসহ নির্বাচনের অন্যান্য প্রস্তুতিও তফসিল ঘোষণার আগেই সেরে ফেলবে আওয়ামী লীগ।
সরকার ও দলের নীতিনির্ধারকেরা মনে করেন, প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতাকে ফোন দিয়ে আলোচনার আমন্ত্রণ জানিয়ে বল খালেদা জিয়ার কোর্টে ছেড়ে দিয়েছেন। এ ক্ষেত্রে বিরোধী দল কতটা সাড়া দেবে, তার ওপর নির্ভর করছে পরবর্তী পদক্ষেপ। তার আগে সরকারের পক্ষ থেকে এ বিষয়ে নতুন করে যোগাযোগ করা হবে না। আওয়ামী লীগের একাধিক জ্যেষ্ঠ নেতার সঙ্গে আলাপ করে দলের এই অবস্থান জানা গেছে। জ্যেষ্ঠ নেতারা বলেন, বিরোধী দল নির্বাচনে এলে একধরনের চিন্তা আর না এলে আরেক ধরনের চিন্তা।
শনিবার রাতে বিরোধীদলীয় নেতার সঙ্গে ফোনালাপ শেষ করেই দলের নির্বাচন পরিচালনা কমিটির সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই বৈঠকে দলের নির্বাচন পরিচালনার জন্য শিগগিরই মূল (কোর) কমিটি এবং বিভিন্ন উপকমিটি গঠনের নির্দেশনা দেন।
ওই বৈঠকে ছিলেন এমন একাধিক নেতা প্রথম আলোকে বলেন, দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম সবাইকে নির্বাচনের প্রস্তুতিতে নেমে পড়ার নির্দেশনা দেন। তিনি এও বলেছেন, দেশে সংবিধান স্বীকৃত সময়ে নির্বাচন হবেই। দেশে হরতাল-অবরোধ যা-ই হোক না কেন, নির্বাচন হবেই। কে নির্বাচনে আসবে বা আর কে আসবে না, তা নির্বাচন অনুষ্ঠানের জন্য বাধা হয়ে দাঁড়াবে না।
আওয়ামী লীগের একজন জ্যেষ্ঠ নেতা প্রথম আলোকে বলেন, বিরোধী দলের নেতার সঙ্গে প্রধানমন্ত্রীর ফোনালাপ খুব ‘সৌহার্দ্যপূর্ণ’ ছিল, তা বলা যাবে না। কারণ নির্দলীয় ব্যক্তিই নির্বাচনকালীন সরকারের প্রধান হবেন এমন প্রস্তাবে অনড় ছিলেন বিরোধীদলীয় নেতা। অন্যদিকে নির্বাচনকালীন সরকারের প্রধান শেখ হাসিনাই হবেন, এমনটি সরাসরি না বললেও নির্বাচনকালীন সরকারে অনির্বাচিত বা বাইরের লোক যে তিনি চাচ্ছেন না, সেটা স্পষ্ট করেই বলেছেন। তিনি সাংবিধানিক কাঠামোর মধ্যেই থাকার পক্ষে।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরীও গতকাল আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয়ে দলীয় সংবাদ ব্রিফিংয়ে বলেন, বিরোধী দলের সঙ্গে সংলাপের ভিত্তি হচ্ছে সংবিধান। প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে ভাষণে নির্বাচনকালীন সর্বদলীয় সরকারের যে প্রস্তাব দিয়েছেন, আওয়ামী লীগ এখনো সেই অবস্থানে আছে।
আপাতত সমঝোতা হচ্ছে না ধরে নিয়েই আওয়ামী লীগ নির্বাচনের প্রস্তুতিকে গুরুত্ব দিচ্ছে। যদিও গতকাল মতিয়া চৌধুরী বলেছেন, ‘আমরা আমন্ত্রণ তুলে নিইনি। আমরা আশা ছাড়ছি না। ইতিবাচক রাজনৈতিক ধারা বজায় রাখার ক্ষেত্রে অধৈর্য হতে চাই না। তবে দেশে নির্বাচন হবেই।’
আওয়ামী লীগের কেন্দ্রীয় আরেকজন নেতা জানান, প্রধানমন্ত্রী নির্বাচনকালীন সর্বদলীয় সরকারের প্রস্তাব দিলেও সেটার রূপরেখা নিয়ে দলে বা জোটে আনুষ্ঠানিক কোনো আলোচনা করেননি। এই বিষয়ে চূড়ান্ত কোনো ভাবনাও ঠিক করা হয়নি বলে ওই নেতার দাবি। নির্বাচনের সময় সংসদ বহল থাকবে, নাকি ভেঙে দেওয়া হবে, সেটাও চূড়ান্ত হয়নি।
দলের আরেকজন নেতা জানান, ৭ নভেম্বর পর্যন্ত সংসদের চলতি অধিবেশন চালানোর সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে বিরোধী দলের সঙ্গে সংলাপ-সমঝোতার পরিস্থিতি তৈরি হলে অধিবেশনের মেয়াদ বাড়তেও পারে। তবে এখন পর্যন্ত ডিসেম্বরের শুরুতে তফসিল ঘোষণা ও জানুয়ারির প্রথমার্ধে ভোট গ্রহণের যে প্রাথমিক সিদ্ধান্ত, সেটা বহাল আছে।